২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে টপকে গেলেন খালেদা

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দিয়েছেন খালেদা জিয়া। মঙ্গলবার এ দীর্ঘ বক্তব্য শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াতেই ফ্লোর ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা খালেদা। এ সময় সরকারি দলের সাংসদরা হৈ চৈ করতে থাকেন। খালেদার বক্তব্যের পর স্পিকার বলেন, “সারাবছর না এসে একদিন এসে এতো সময় নিলে আমারো সমস্যা হয়।” সংসদ সচিবালয় জানায়, বিরোধীদলীয় নেতা হিসাবে খালেদার মঙ্গলবারের বক্তব্য বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। এর আগে বিএনপির গত মেয়াদে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা এক ঘণ্টা ৩৫ মিনিট বক্তব্য দিয়েছিলেন। বিকাল ৫টা ২০ মিনিটে অধিবেশন কক্ষে প্রবেশ করে খালেদা দুই মিনিট পর বক্তব্য শুরু করেন। মাগরিবের নামাজের বিরতির আগে ৬টা ১৭ মিনিট পর্যন্ত বক্তব্য দেন তিনি। নামাজের ২৫ মিনিটের বিরতির পর ৬টা ৪২ মিনিটে আবার বক্তব্য শুরু করে খালেদা শেষ করেন ৭টা ৪৫ মিনিটে। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পুরো সময় সংসদ নেতা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। ‘একটু সময় দিতে হবে’ খালেদা একটানা লিখিত বক্তব্য পড়ে যাওয়ার এক পর্যায়ে তাকে সময়ের দিকে নজর দেওয়ার আহ্বান জানান স্পিকার। এ সময় খালেদা জিয়া বলেন, “আমাকে একটু সময় দিতে হবে।” এর জবাবে স্পিকার বলেন, “আপনাকে তো সময় বেঁধে দিতে পারি না। সংসদ নেতাও বক্তব্য রাখবেন। আজ বাংলাদেশের ক্রিকেট খেলাও রয়েছে।” তখন খালেদা জিয়া বলেন, “খেলা থাকলে সংসদ অধিবেশন আজ না রাখতেন! আমাকে সময় দিতে হবে।” খালেদার বক্তব্যের পর দীর্ঘ সময় প্রসঙ্গে স্পিকার বলেন, “সারাবছর না এসে একদিন এসে এতো সময় নিলে আমারো সমস্যা হয়। “বিরোধী দলীয় নেতা এক ঘণ্টা ৫৩ মিনিট বলেছেন, সংসদ নেতাও একই সময় যদি বলেন- এতোক্ষণ বসে থাকলে আমারোও বারোটা বেজে যাবে।” এ সময় সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা একসঙ্গে হেসে ওঠেন। পুরো ফ্লোরে তখন হাসির ফোয়ারা। খালেদার পর সংসদ নেতা শেখ হাসিনা ৪৯ মিনিট বক্তব্য দেন। টানা ৮৩ কার্যদিবসের অনুপস্থিতির পর খালেদা জিয়া রোববার সংসদে ফেরেন। নবম সংসদের ১২টি অধিবেশনের ২৮৮ কার্যদিবসে এ পর্যন্ত খালেদা সংসদে এসেছেন আট দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৫ ঘ.