২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অন্যের রচিত উপন্যাস পড়ে চলে গেলেন তিনি’

সংসদে ফেরার জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “উনারা এসেছেন সংসদ সদস্য পদ রক্ষার জন্য। যেন বেতন-ভাতা ঠিকমতো পান।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যকে ‘কল্পিত’ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সব সম্ভাবনাগুলোকে বাস্তবায়ন করছে। দীর্ঘদিন পর সংসদে ফেরা খালেদা জিয়া মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার জন্য দাঁড়িয়ে একটানা এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য দেন। বক্তব্যে বঙ্গবন্ধুর আমল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিও জানান তিনি। তার বক্তব্য শেষে সংসদ নেতা শেখ হাসিনা ৪৯ মিনিটের বক্তব্যে বিএনপি আমলের সমালোচনা করলেও তত্ত্বাবধায়কের দাবির বিষয়ে কোনো কথা বলেননি। সংসদে ফিরে আসার জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। উনারা এসেছেন সংসদ সদস্য পদ রক্ষার জন্য। যেন বেতন-ভাতা ঠিকমতো পান।” খালেদা জিয়ার বক্তব্য শেখ হাসিনা অধিবেশন কক্ষে বসে শুনলেও শেখ হাসিনার বক্তব্যের সময় ছিলেন না খালেদা জিয়া। শেখ হাসিনার দাঁড়ানোর আগেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তিনি। বিষয়টি বক্তব্যে উল্লেখ করেন শেখ হাসিনাও। “আমার বেশি বলার নেই। আমার তো মিথ্যার ফুলঝুরি নেই। একটা মিথ্যা বললে, তা ঢাকার জন্য অনেক মিথ্যা বলতে হয়। কেউ মনে হয় মুখরোচক উপন্যাস লিখে দিয়ে গেছেন। তিনি (খালেদা) উপন্যাস পড়ে চলে গেছেন,” বলেন প্রধানমন্ত্রী। তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, “আপনি তো জিজ্ঞাসা করতে পারতেন- এত দিন কোথায় ছিলেন?” বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, “এই বাংলাদেশ বিএনপির আমলে ছিল জঙ্গিবাদ ও বাংলাভাইয়ের দেশ। তখন ছিল ভয়াবহ অবস্থা। সে কথা আমাদের মেনে আছে।” ২০০১ সালে নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের চিত্র তুলে ধরে তার সঙ্গে জড়িতদের বিচার করার অঙ্গীকার করেন শেখ হাসিনা। ওই নির্যাতনের ঘটনায় আদালতের আদেশে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে চিহ্নিতদের মধ্যে খালেদার সরকারের ২৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীও রয়েছেন। “তাদের রেহাই নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,” বলেন হাসিনা। বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ বিরোধী দল তুললেও প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার বিচারের বিভাগের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। তিনি উল্টো বলেন, বিচারকদের নিয়ে বিরোধী দলের বক্তব্য ‘অশালীন’, যা গ্রহণযোগ্য নয়। ১৯৯১ সালে বিএনপি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে অর্থ নিয়েছিল দাবি করে আওয়ামী লীগ সভানেত্রী আবার বলেন, “পাকিস্তানের কোর্টে তা স্পষ্ট হয়ে গেছে। উনি পরাজিত শক্তির কাছ থেকে টাকা খেয়েছেন।” এই প্রসঙ্গে বিএনপি নেতা এম কে আনোয়ারের কথা তুলে শেখ হাসিনা বলেন, “দুর্নীতির জন্য যখন উনার চাকরি যায়, তখন তোফায়েল সাহেবের তদবিরে উনি চাকরি ফিরে পান। স্বৈরাচার পতনের পর উনি এলেন আমাদের পার্টি থেকে নমিনেশন নিতে। “কিন্তু আমাদের তো একটা নিয়ম আছে, আমাদের পার্লামেন্টারি পার্টির মিটিং চলছে। আর উনি চলে গেলেন। উনি টাকার গন্ধ পেয়ে গিয়েছিলেন। জেনে গিয়েছিলেন আইএসআইয়ের টাকার কথা।” জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে বিরোধীদলের সংসদ সদস্যের দেওয়া বক্তব্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “ঘোষক ঘোষক করেন, আপত্তি নেই। রেডিও-টিভিতে তো কত ঘোষক আছে। কিন্তু যে পাকিস্তানি বাহিনী আমাদের লাখ লাখ লোক হত্যা করেছে। তাদের হাত থেকে টাকা নিতে লজ্জা হয়নি?” ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, “আমরা ছেলে-মেয়েদের লেখাপড়া শিখিয়েছি। হাওয়া ভবন খুলে টাকা খাওয়ানো শেখাইনি।” সংসদে অশালীন বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান সংসদ নেতা। মহাজোট সরকারের সময়ে সাংবাদিক নির্যাতনের বিষয়ে খালেদা জিয়ার অভিযোগের জবাবে তিনি বলেন, “তাদের সময়ে ১৪ জন সাংবাদিক হত্যা করা হয়, পঙ্গু হয়েছে ১৮ জন। তাদের কাহিনী যদি বলতে চাই, তাহলে রাত হয়ে যাবে।” তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের বিষয়ে কোনো কথা না বললেও সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নির্যাতন ও হয়রানির কথা পুনরোল্লেখ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন। আজকের বাংলাদেশ উন্নয়নের, সম্ভাবনার এবং উন্নয়নের মডেলের দেশ। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান। “বিভিন্ন খাতে উন্নয়ন করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, রাষ্ট্রপতি তা উল্লেখ করেছেন। মহাজোট সরকার যে কত দ্রুত সময়ের মধ্যে কত কাজ করেছে, তাই এই ভাষণে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি,” বলেন তিনি। স্বনির্ভর দেশ গড়েত সরকারের প্রয়াসে দেশবাসীকে শামিল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জ্বালানি তেলের ধাক্কা আমাদের ওপর এসে পড়েছে। আমি দেশবাসীকে বলব, এক টুকরো মাটি যেন পড়ে না থাকে। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, যেন আমরা বিশ্বসভায় আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলতে পারি।” বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৩০ ঘ.