ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, বিশেষ করে নারী শিক্ষার বিস্তারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী মুসা হিতামের নেতৃত্বে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনোমিক ফোরামের একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে জানান।
সংসদ নেতা, উপনেতা এবং বিরোধীদলীয় নেতাসহ ১৯ জন নারী সদস্য সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বাংলাদেশে মহিলাদের জন্য এশীয় ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কথা উল্লেখ করে উচ্চশিক্ষা বিস্তারে দেশে দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৮৩৯ ঘ.
bdnews24