২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদকে একহাত নিলেন তোফায়েল

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে বিএনপি নেতার বক্তব্যের জবাবে তার অতীত তুলে ধরে আওয়ামী লীগ নেতা বলেছেন, বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনতে মওদুদ আহমেদের দাবির জবাব দিতে সংসদে দাঁড়িয়ে বিএনপির নেতার অতীত কার্যক্রম তুলে ধরে তাকে কটাক্ষ করেছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। মঙ্গলবার সংসদে মওদুদ বলেন, “তত্ত্বাবধায়ক পুনর্বহাল করুন। আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।” এরপর তোফায়েল বলেন, “যে লোক সামরিক স্বৈরাচারের দোসর ছিল, সংবিধান নিয়ে কথা বলার তার কোনো অধিকার নেই। সামরিক শাসনের সংবিধানে আপনি ছিলেন।” আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে তিনি বলেন, “অস্ট্রেলিয়া, ব্রিটেন, ভারত, সিঙ্গাপুরসহ সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।” সমুদ্রসীমার বিরোধ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় লাভ নেই- মওদুদের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তোফায়েল বলেন, “আমরা যেমন মিয়ানমারের কাছ থেকে অধিকার রক্ষা করেছি, ভারতের কাছ থেকেও তেমনি অধিকার আদায় করব। মামলাও চলবে, আলোচনাও চলবে।” সংসদে কথা বলতে দেওয়া হয় না বলে বিরোধী দলের অভিযোগের জবাবে তোফায়েল বলেন, “কথা বলতে দেয় না, এই কথা ঠিক না। ২৫ জানুয়ারি অধিবেশন শুরু হয়েছে। এসেছেন, যখন সাত দিন অধিবেশন বাকি, তখন। না এলে আপনাদের সদস্যপদ চলে যেত।” দ্রব্যমূল্য নিয়ে বিরোধী দলের সদস্যরা ‘মিথ্যাচার’ করছে দাবি করে আওয়ামী লীগ নেতা বলেন, “কোনো দিন কোনো নির্বাচনে আওয়ামী লীগ বলেনি, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ১০ টাকায় চাল দেবে। মিথ্যা কথায় নোবেল প্রাইজ দেওয়ার সিদ্ধান্ত থাকলে বিএনপি নেতৃবৃন্দ তা পেতেন।” বিরোধী দলের ১২ মার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া যৌক্তিক ছিল দাবি করে তোফায়েল বলেন, “বিরোধী দলের নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সরকারের কোনো গত্যান্তর ছিল না। সেদিন আমরা ব্যবস্থা না নিলে লাশের পর লাশ পড়ত।” “এম কে আনোয়ার (বিএনপি নেতা) ১৯৬৯ সালে ঢাকার ডিসি ছিলেন। আসাদকে যে হত্যা করা হয়েছিল, সে নির্দেশ কে দিয়েছিল? আমিও তো বলতে পারতাম, এম কে আনোয়ার এই নির্দেশ দিয়েছিলেন,” যোগ করেন তোফায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪৫ ঘ.