২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি’

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে সংসদে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 01:12 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে সংসদে জানানো হয়েছে। রোববার সংসদে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবুল কালাম আজাদ এই তথ্য জানার দিনই নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএমের পাশাপাশি ব্যালট পেপারও থাকবে। স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পর জাতীয় নির্বাচনেও সেই পরিকল্পনা ধরে এগোচ্ছে নির্বাচন কমিশনার। তবে ইভিএমে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল। আবুল কালাম আজাদ সংসদে প্রশ্নোত্তর পর্বে বলেন, “স্থানীয় পর্যায়ে প্রতিটি নির্বাচনে ইভিএম পরীক্ষামূলকভাবে সফল হলেও আগামী সংসদ নির্বাচনে তা ব্যবহারে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।” দেশে চট্টগ্রামে একটি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার হয়। এরপর নারায়ণগঞ্জের তিনটি ওয়ার্ডের ৫৮ কেন্দ্রে, কুমিল্লায় ৬৫ কেন্দ্রে এবং সর্বশেষ নরসিংদী পৌরসভায় উপনির্বাচনে ৩১টি কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হয়। এদিকে নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা তাদের রয়েছে। আগামী নির্বাচনে ইভিএমের পাশাপাশি ব্যালট পেপারের সংমিশ্রণ থাকবে। আসন্ন ডিসিসি নির্বাচনে ইভিএম ব্যবহারে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও জাতীয় নির্বাচনে ইভিএমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর মতামতও জরুরি, বলেন তিনি। বুয়েটের আইআইসিটি ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি’র সহায়তা ইভিএম তৈরি করছে ইসি। তবে রোববার ইঞ্জিনিয়ার্স ইনভেনশন সার্ভিসেস বাংলাদেশ (ইআইএসবি) লিমিডেট নামে একটি প্রতিষ্ঠান তাদের তৈরি করা ইভিএমের নমুনা ইসির কাছে তুলে ধরে। এই যন্ত্র তৈরিকারী আবদুল মজিদ এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একটি সংগঠনের পক্ষ থেকে ভিসিসি (ভোট কাস্টিং এ্যান্ড কাউন্টিং) নামে এই যন্ত্রটি উপস্থাপন করলেও তা নাকচ করে দেয় আগের ইসি। নতুন করে আবার ইসিতে উপস্থাপনের বিষয়ে জানতে চাইলে মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের চেয়ে উন্নত প্রযুক্তি করে ভিসিসিকে ইভিএম আকারে উপস্থাপন করা হয়েছে।” ইআইএসবি’র নির্বাহী পরিচালক এইচ খোদা জানান, আর্থিক ও উদ্ভাবনকে সহায়তা দিতেই আবদুল মজিদকে নিয়ে এগোচ্ছে তাদের সংস্থা। ইভিএম নিয়ে বিএনপির সেমিনার বিএনপি সমর্থক সাংবাদিক মাহফুজ উল্লাহর সংগঠন সেন্টার ফর সাসটেইনেবল স্টাডিজ (সিএফএসডি) আগামী মঙ্গলবার ইভিএম নিয়ে একটি সেমিনার করছে। এর উদ্যোক্তা শামা ওবায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুক্তরাষ্ট্র থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে সেমিনারের জন্য। সার্বিক বিষয়ে তাদের বক্তব্য সেমিনারে জানানো হবে। সিএফএসডির পক্ষ থেকে এ সেমিনার হলেও এতে বিএনপির অবস্থানই তুলে ধরা হবে। বিএনপি বরাবরই ইভিএমের বিরোধিতা করে আসছে। বিএনপি নেতা প্রয়াত কে এম ওবায়দুর রহমান ও শাহেদা ওবায়েদের মেয়ে প্রকৌশলী শামা ওবায়েদও এর বিরোধিতা করে কথা বলে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৯০৫ ঘ.