২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেরুবে ২০০১ এর টাকার খবরও: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী বলেছেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপি আইএসআইয়ের কাছ থেকে কত টাকা নিয়েছিল তাও আগামীতে বেরিয়ে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, ২০০১ সালের নির্বাচনে বিএনপি আইএসআইয়ের কাছ থেকে কত টাকা নিয়েছিল তাও আগামীতে বেরিয়ে আসবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় রোববার এ কথা বলেন শেখ হাসিনা। ওই নির্বাচনেও আওয়ামী লীগ পরাজিত হওয়ার কথা নয় বলে এ সময় মন্তব্য করেন তিনি। স্বৈরশাসক এইচএম এরশাদ ১৯৯০ সালে ক্ষমতা ছাড়ার পরের বছর সংসদ নির্বাচনে জয়ী হয় বিএনপি। ১৯৯১ সালের ওই নির্বাচনে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই বিএনপিকে অর্থ দিয়েছিল- গত কয়েকদিন ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে এ ধরনের খবর বেরিয়েছে। বিএনপি বিষয়টি অস্বীকার করে বলেছে, যার বরাতে এ খবর দেওয়া হচ্ছে সেই সাবেক আইএসআই প্রধান আসাদ দুররানি আদালতে বিএনপি বা খালেদা জিয়ার নাম বলেননি। বিএনপিকে অর্থ দেওয়ার কথা আসাদ আদালতে স্বীকার করেছেন বলে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের ভারতীয় সংস্করণে খবর বেরোয় বৃহস্পতিবার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববারের আলোচনা সভায় বলেন, “আইএসআইয়ের প্রধান কোর্টে হলফনামা দিয়ে টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।” “কয়েকটি পত্রিকায় আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে সত্য বেরিয়ে এসেছে।” “ভাড়াটে লোক দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অপবাদ দেওয়া এক কথা। আর কোর্টে হলফনামা দিয়ে বলা আরেক কথা।” বৃটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্টে গত বছর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতের ‘বস্তা বস্তা’ অর্থের বিনিময়ে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ। খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “যাদের আমরা পরাজিত করেছি, যারা এদেশের মানুষকে হত্যা করেছে, যারা এদেশের মানুষের রক্ত দিয়ে হোলি খেলেছে- বিরোধীদলীয় নেত্রী তাদের দালালি করেছে। এর থেকে জঘণ্য কাজ কী হতে পারে?” “আওয়ামী লীগকে হারাতে বিরোধীদলীয় নেতা পরাজিত শক্তির গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা খেয়েছেন।” ‘তার নানা-নানীর নাম কী’ খালেদা জিয়া যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের রক্ষা করতে উঠে-পড়ে লেগেছেন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রী এটা করতেই পারেন। কারণ, তার জন্ম ভারতের শিলিগুড়ির এক চা বাগানে।” “জিয়াউর রহমানের জন্মও ভারতে এবং তার লেখাপড়া পাকিস্তানের করাচিতে।” বিরোধদলীয় নেতার কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, “বিএনপি নেত্রীর নানা-নানীর নাম কী? তার স্বামী জিয়াউর রহমানের বাবা-মার কবর কোথায়?” বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের বই থেকে উদ্ধৃত করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “মুক্তিযুদ্ধের সময় খালেদ মোশাররফের পরিবারকে যখন দেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মিসেস জিয়া তো যাননি।” “পাকিস্তান বাহিনীর সঙ্গে তিনি (খালেদা জিয়া) ক্যান্টনমেন্টের মেসে ছিলেন।” জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ সমাধানের প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কৌশলগত দিকের সবচেয়ে বড় অর্জন হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা গোপনীয়তা রক্ষা করেছি। মামলা দায়ের করেছি। জয়ী হয়ে এসেছি।” ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে আন্তর্জাতিক সালিশ আদালতে চলমান মামলায়ও বাংলাদেশ জয়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশের জয়ের ঘটনায় অনুষ্ঠানস্থলে সবাইকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর, সবাই দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৪১ ঘ.