নিউ ইয়র্ক, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী পালন করেছেন প্রবাসী বাঙালিরা।
নিউ ইয়র্ক সিটি, জাতিসংঘ এবং ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া, মিসিগান, বোস্টন, ফ্লোরিডা প্রভৃতি স্থানে দোয়া-মাহফিল, কেক কাটা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের অনুষ্ঠান উপস্থাপনা করেন কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ। এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী।
আজাদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর চেতনায় দেশ সফলভাবেই এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে স্মরণ করে বক্তব্য রাখেন ভারতীয় রাষ্ট্রদূত হারদ্বীপ সিংহপুরী, তুরস্কের রাষ্ট্রদূত ইরতুগরুল এপাকান।
জাতিসংঘে বাংলাদেশের দূত এ কে এ মোমেনও অনুষ্ঠানে ছিলেন।
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ১৭ মার্চ সন্ধ্যায় (বাংলাদেশ সময় ১৮ মার্চ সকাল) জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী, ইমদাদুর রহমান চৌধুরী, জাকারিয়া চৌধুরী, মোর্শেদা জামান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24