ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের শুনানি চলছে।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন শুরু হয়েছে।
এদিন ১০৭ পৃষ্ঠার অভিযোগপত্রের মধ্যে ৮৪ পৃষ্ঠা পর্যন্ত পড়েন ট্রাইব্যুনালের প্রসিকিউটাররা। সোমবার তার পর থেকে পড়ে শোনানো হবে।
এর আগে সকালে জামায়াত নেতার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অভিযোগ গঠনের শুনানি স্থগিতের আবেদন করলেও তা নাকচ হয়।
কামারুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ গত ৩১ জানুয়ারি আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশন গত ১৫ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।
কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২১ জুলাই জামায়াত নেতার ‘যুদ্ধাপরাধ’ তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাকে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১৬১১ ঘ.
bdnews24