ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে পুনঃস্থাপন না হলে আবার সারাদেশ থেকে নেতা-কর্মীদের ঢাকায় জড়ো করে দলীয় শক্তি তুলে ধরার হুঁশিয়ারি সরকারকে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের নেত্রী নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহালের জন্য সরকারকে ৯০ দিন অর্থাৎ ১০ জুন পর্যন্ত সময় দিয়েছেন। সরকারকে বলব, এই সময়ের মধ্যে সংসদে বিল এনে তা পাস করুন। অন্যথায় ১২ মার্চের মতো আবার ঢাকায় জনগণের শক্তি আপনারা দেখতে পারবেন।”
গত ১২ মার্চ নয়া পল্টনের মহাসমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে সরকারকে ‘সময় বেঁধে’ দেন।
সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে ওই সমাবেশ এই সময়ে দেশের সবচেয়ে আলোচিত কর্মসূচিতে পরিণত হয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বিকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির মহাসচিব প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন।
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর খালেদা জিয়া ওই বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করার আগমুহূর্তে তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে খোন্দকার দেলোয়ারকে ওই পদে নিয়োগ দেন।
প্রয়াত মহাসচিবকে স্মরণ করে ফখরুল বলেন, “ওয়ান-ইলেভেনের পর তিনিই বিএনপিকে রক্ষা করেছিলেন। তার এই অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
“তিনি কেবল বিএনপির নেতাই ছিলেন না, গণতন্ত্র রক্ষার নেতা ছিলেন। অবরুদ্ধ গণতন্ত্রকে রক্ষা করতে অসীম সাহস নিয়ে গোটা দেশের ও দলের তৃণমূল নেতা-কর্মীদের উজ্জ্বীবিত করেছিলেন তিনি,” বলেন ফখরুল।
ওয়ান-ইলেভেনের মতো ষড়যন্ত্র আবার হচ্ছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “ওই ষড়যন্ত্রের এখন দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র প্রকট আকার ধারণ করে দেশের গণতন্ত্রকে ধূলিস্যাৎ করতে চায় সরকার। ১২ মার্চের মহাসমাবেশে যেভাবে বাধা প্রদান করা হয়েছে, তা নজিরবিহীন ঘটনা থাকবে।”
বিএনপির মহাসমাবেশের দুদিন পর ১৪ মার্চ ১৪ দলের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। মিথ্যাচার করে তিনি দেশের মানুষকে বিভ্রান্ত করতে চান।”
“আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিএনপি কখনো অন্যের অর্থ নিয়ে রাজনীতি করে না। কেবল তাই নয়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায়ও বিএনপি কখনো বসেনি। বিদেশের বস্তা বস্তা অর্থ নিয়ে কারা নির্বাচন করেছে, তা জনগণ জানে,” যোগ করেন তিনি।
স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এম কে আনোয়ার, জয়নুল আবদিন ফারুক, শামসুজ্জামান দুদু, জাফরুল হাসান, আবদুস সালাম, সোহরাব উদ্দিন, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব-উন নবী খান সোহেল, হাফেজ আবদুল মালেক, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু, প্রয়াত দেলোয়ারের মেয়ে ডা. দেলাওয়ারা বেগম পান্না প্রমুখ।
‘ষড়যন্ত্রকারীরা দলে ঢুকে পড়েছে’
খোন্দকার দেলোয়ারের স্মরণ সভায় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জরুরি অবস্থার সময়ে দল ভাঙার ষড়যন্ত্রকারীরা এখন দলে ঢুকে পড়লেও তাদের সব সময় ঘৃণা করতে হবে।
“ওয়ান-ইলেভেনের পর খোন্দকার দেলোয়ারের সঙ্গে যারা ছিলেন না, যারা বিরোধিতা করেছেন, আজ তারা অনেকেই দলে ঢুকে পড়েছেন। আমরা তাদের এখন বিরোধিতা না করলেও যেন সব সময়ই মনে মনে ঘৃণা করি,” বলেন এই সংসদ সদস্য।
জরুরি অবস্থার সময় তৎকালীন মহাসচিব প্রয়াত মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে বিএনপির ভাঙার ষড়যন্ত্রের কথা বলে আসছেন দলটির অনেক নেতা। ওই সময় মান্নান ভূঁইয়াসহ কয়েক নেতা বহিষ্কারও হন।
জরুরি অবস্থায় গ্রেপ্তারের আগে খালেদা জিয়া খোন্দকার দেলোয়ারকে মহাসচিবের দায়িত্ব দিয়ে গেলেও প্রয়াত সাইফুর রহমানসহ কয়েকজন নেতা আলাদাভাবে কার্যক্রম চালাতে থাকেন এবং নিজেদের বিএনপির মূল ধারা বলে দাবি করেন।
তবে নির্বাচনের আগে খালেদার মুক্তির পর তারা চেয়ারপারসনের আনুগত্য মেনে নেন। তাদের অনেকে বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটিতেও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২০৪১ ঘ.
bdnews24