২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ সবই উল্টো: ফখরুল

বিএনপির মহাসমাবেশ বানচালে নানাভাবে ‘বাধা’ দেওয়া হলেও বুধবার ঢাকায় ১৪ দলের জনসভাকে কেন্দ্র করে সরকার পুরো উল্টো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2012, 09:05 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ বানচালে নানাভাবে ‘বাধা’ দেওয়া হলেও বুধবার ঢাকায় ১৪ দলের জনসভাকে কেন্দ্র করে সরকার পুরো উল্টো আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “১৪ দলের মহাসমাবেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। যানবাহন খুলে দেওয়া হয়েছে। অনেক যানবাহন বিনা ভাড়ায় লোকজনকে নিয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি।” নয়াপল্টনে বিএনপির সমাবেশের জন্য মাইক ব্যবহারে এলাকা বেঁধে দেওয়া হলেও বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশের জন্য ‘অনেক দূর’ পর্যন্ত মাইক লাগানো হয়েছে বলে তিনি দাবি করেন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসামবেশের একদিন পরেই যুদ্ধাপরাধীদের বিচারে বাধা, দুর্নীতিবাজদের রক্ষা ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় এই জনসভা করছে ১৪ দল। পদে পদে বাধা উপেক্ষা করে সোমবার নয়া পল্টনে সমাবেশ করতে হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, “বিরোধী দলের মহাসমাবেশের আগে সরকার নাশকতার কথা বলে অপপ্রচার চালিয়েছে। আজ সরকারি দল ও জোটের আরেক সমাবেশ হতে যাচ্ছে। আমরা জানতে চাই, এই সমাবেশে কি নাশকতার আশঙ্কা নেই?” এক দেশে দুই রকম আইন চলছে উল্লেখ করে তিনি বলেন, “এভাবে সব দলের জন্য সমান সুযোগ অর্থাৎ, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেই আমরা আন্দোলন করছি।” বিএনপির ২৯ মার্চের হরতাল কর্মসূচির কারণ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “১২ মার্চ সরকার আমাদের মহাসমাবেশে আসতে গোটা দেশে যেভাবে বাধা দিয়েছে, গণগ্রেপ্তার করেছে, নির্যাতন চালিয়েছে। তার প্রতিবাদ জানাতে আমরা এই হরতাল ডেকেছি।” ওই মহাসমাবেশ ‘সফল’ করার জন্য দেশবাসী ও নেতা-কর্মীদের প্রতি অভিনন্দন জানিয়ে বিএনপির গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করেন ভারপ্রাপ্ত মহাসচিব। আওয়ামী লীগকেই প্রস্তাব আনতে হবে সংসদে গিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব উত্থাপনে সরকারি দলের আহ্বান নাকচ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল বলেন, “সংসদে আমাদের আসন ৩৫টি। সরকারি দলের আসন দুই-তৃতীয়াংশ। তাই এই প্রস্তাব বিএনপি নয়, আওয়ামী লীগকেই এনে তা পাস করাতে হবে।” তা না হলে দেশে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। “এ জন্য দেশে যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার দায় সরকারকেই নিতে হবে”, বলেন তিনি। সংসদে যাওয়ার পরিবেশ নেই দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তাদের খিস্তি খিউর শুনতে যাব। ৯০ দিনের বাধ্যবাধকতার সেই সময়সীমা আসতে দিন, তারপর দেখা যাবে।” সংসদে মঙ্গলবার বিরোধী দলের ৭৬টি মূলতবি প্রস্তাব স্পিকার বাতিল করে দিয়েছেন বলে দাবি করেন তিনি। মহাসমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহালে ৯০ দিন সময় বেঁধে দেওয়ার প্রসঙ্গে ফখরুল বলেন, “বিএনপি গণতান্ত্রিক সহনশীল রাজনীতি বিশ্বাস করে বলেই নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহালের জন্য সরকারকে ৯০ দিন সময় দিয়েছে।” ‘১২ মার্চ সরকারের নৈতিক পরাজয় হয়েছে’ ১২ মার্চের মহাসমাবেশে জনগণের ব্যাপক উপস্থিতিতে সরকারের নৈতিক পরাজয় হয়েছে মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ তাদের প্রতি অনাস্থা প্রকাশ করেছে। “তাই সরকারকে বলব, আর কালক্ষেপন নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল করুন। পদত্যাগ করে নির্বাচন দিন” সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ১২ মার্চ ঢাকাকে অবরুদ্ধ করে ফেলেছিল মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাধারণ মানুষের ওপর উলঙ্গভাবে সরকার অত্যাচার করেছে। এর মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসার নজির সৃষ্টি করেছে।” সংবাদ সম্মেলনে তিনি মেঘনায় লঞ্চডুবি ঘটনায় নিহতদের এবং ডেইলি স্টারের আলোকচিত্র সাংবাদিক শওকত জামিলের মৃত্যুতে শোক প্রকাশ করেন। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্র দলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুর ইসলাম খান আলিম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৫৪৭ ঘ.