ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে খালেদার সময় বেঁধে দেওয়ার পরদিন আইনমন্ত্রী বলেছেন, কোনো পরিস্থিতিতেই তা ফিরিয়ে আনা সম্ভব নয়।
মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, “অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার দুই/তিন বছর বা যত খুশি দিন ক্ষমতায় থাকে। এ ব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থি, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”
“দেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এর সঙ্গে সাংঘর্ষিক অন্য যে কোনো আইন বাতিল বলে গণ্য হবে।”
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলছিলেন আইনমন্ত্রী।
গত জুনে সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে আগামী ১০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন বিএনপিপ্রধান খালেদা জিয়া। সোমবার এক জনসভা থেকে এ সময়সীমা দেন তিনি।
সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় আসার আগেই সংবিধান সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা ঠিক হয়েছে কি-না- সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, “নিশ্চয়ই হয়েছে। কারণ, সংক্ষিপ্ত রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিলের কথা বলা হয়েছে।”
পূর্ণাঙ্গ রায় আসা পর্যন্ত অপেক্ষা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির সোমবারের মহাসমাশে যোগ দিতে আসাদের ছাত্রলীগ ও সরকারি দলের লোকদের তল্লাশি, হামলা ও মারধর কতটা আইন সম্মত- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বললেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে কেউ আইন অমান্য করলে সরকার তা দেখবে।”
চারদলীয় জোটের মহাসমাবেশকে কেন্দ্র করে দুদিন গণপরিবহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে ব্যারিস্টার শফিক বলেন, “ভয় পেয়ে মালিক পক্ষ যদি বাস না চালায় তাহলে আমাদের কী করার আছে।”
তখন সাংবাদিকরা বলেন, “পুলিশ ও আওয়ামী লীগের নেতারা গাড়ি না চালাতে বলেছিল।”
এর উত্তরে মন্ত্রী বলেন, “এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, চিহ্নিত আট জনের বিরুদ্ধে বিচার কাজ চলছে। আরও অনেকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮২০ ঘ.
bdnews24