২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারিখ দিয়ে কিছু হয় না: নাসিম

বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য তিন মাস সময় বেঁধে দেওয়ার পর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, তারিখ নির্দিষ্ট করে দিয়ে কোনো কিছু হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য তিন মাস সময় বেঁধে দেওয়ার পর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, তারিখ নির্দিষ্ট করে দিয়ে কোনো কিছু হয় না। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ৩০ এপ্রিল কিছু হয়নি। ১২ মার্চও কিছু হয়নি। তারিখ দিয়ে কিছু হয় না। কিছু হওয়ারও সম্ভাবনা নেই।” নিদর্লীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সোমবার মহাসমাবেশ থেকে দাবি পূরণের জন্য সরকারকে তিন মাস, অর্থাৎ ১০ জুন পর্যন্ত সময় বেধে দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তা না হলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “জুনের পরেও কিছু হবে না। যে যতো চেষ্টাই করুক, নির্বাচনের আগে কিছু হবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।” সোমবার সন্ধ্যার পর মানুষ স্বস্তি ও শান্তি ফিরে পেয়েছে দাবি করে নাসিম বলেন, বিএনপির হতাশাগ্রস্ত কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে নয়াপল্টনে সোমবারের মহাসমাবেশ শান্তিপূর্ণ হওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানান নাসিম। বাংলাদেশে এখনো জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে দাবি করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “বিএনপি যখন জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মসূচি দেয়, তখন প্রশাসন চুপ থাকতে পারে না। তাই আগাম সতর্কতা নেওয়া হয়েছিল।” “কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন বিএনপির মডেল অনুসরণ করে গণ-গ্রেপ্তার ও গাড়ি বন্ধ করে দিয়েছিল। এতে অনেক মানুষের কষ্ট হয়েছে। এজন্য আমরা দুঃখিত। তবে এছাড়া কোনো বিকল্পও ছিল না,” বলেন তিনি। ভালো লক্ষ্য নিয়ে কাজ করতে চাইলে বিএনপিকে চরিত্র বদল করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন অন্তবর্তীকালীন সরকারের অধীনেই হবে উল্লেখ করে নাসিম বলেন, নির্বাচন কমিশনকে কীভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে বিএনপি সংসদে এসে কথা বলতে পারে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করার জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবেক এই মন্ত্রী। হত্যাকাণ্ডের পর এক মাস পেরিয়ে গেলেও খুনিরা ধরা না পরায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ‘বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে ও যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত বাস্তবায়নের’ দাবিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আলোচনা হয়। জোটের নেতা চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, জোটের ঢাকা মহানগর কমিটির সভাপতি জামাল উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৬১৯ ঘ.