২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম আযমের অভিযোগ গঠনের শুনানি ফের ১৯ মার্চ

আসামি পক্ষের আবেদনে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। গোলাম আযমের আইনজীবীরা ওইদিন অভিযোগ গঠন না করার পক্ষে তাদের যুক্তি তুলে ধরবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি পক্ষের আবেদনে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। গোলাম আযমের আইনজীবীরা ওইদিন অভিযোগ গঠন না করার পক্ষে তাদের যুক্তি তুলে ধরবেন। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের আবেদনে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়। তাজুল ট্রাইব্যুনালকে বলেন, গোলাম আযমের আইনজীবী আবদুর রাজ্জাক প্রস্তুতি শেষ করতে না পারায় শুনানির জন্য তার আরো সময় প্রয়োজন। তার এই আবেদন মঞ্জুর করে ১৯ মার্চ শুনানির দিন রাখেন বিচারক। আদেশে তিনি বলেন, এরপর আর সময় বাড়ানোর কোনো আবেদন বিবেচনা করা হবে না। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ওই দিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়; তারপর থেকে তিনি সেখানেই আছেন। বাংলাদেশের স্বাধীনতার তীব্র বিরোধিতাকারী গোলাম আযমের বিরুদ্ধে ইতমোধ্যে ৫২ দফা যুদ্ধাপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন বিভাগ। গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুুদ্ধের সময় তার নেতৃত্বে নানা জায়গায় শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস, পাইওনিয়ার ফোর্স, মুজাহিদ বাহিনী নামে পাকিস্তানপন্থী সংগঠন গঠন করা হয়। এসব সংগঠনকে অস্ত্র সরবরাহ করা এবং এ বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে সুপারিশ করার দায়িত্বও ছিল তার। একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা শুরুর পর খাজা খায়রুদ্দিনকে আহ্বায়ক করে ১৪০ সদস্যের যে শান্তি কমিটি হয়, তার তদারকিতে গঠিত কমিটির ছয় জনের এক জন ছিলেন গোলাম আযম। ১৯৭১ সালে ঈদের দিন গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে ৩৮ জনকে এনে কৈরতলা এলাকায় হত্যা করা হয়, যার সঙ্গে গোলাম আযম সম্পৃক্ত ছিলেন বলেও তদন্তে উঠে এসেছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালান তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম। ১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৫০৪ ঘ.