২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২০ মার্চ

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, তা চূড়ান্ত হবে আগামী ২০ মার্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 06:12 AM

Updated : 24 Aug 2022, 10:58 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার শুরু হবে কি না, তা চূড়ান্ত হবে আগামী ২০ মার্চ। বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশের জন্য এই দিন ঠিক করে। মোট নয় ধরনের ৭৭টি অভিযোগ থেকে অব্যাহতিসহ বিভিন্ন বিষয়ে এই বিএনপি নেতার করা ছয়টি আবেদনও খারিজ করে দিয়েছে আদালত। ট্রাইব্যুনালের কার্যক্রমে দালাল আইনের সন্নিবেশ, সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের অনুলিপি সরবরাহ, ট্রাইব্যুনালের কার্যক্রমে আন্তর্জাতিক সনদ মেনে চলা, সাকা চৌধুরীর আনুষ্ঠানিক অভিযোগ থেকে ছয়টি অভিযোগ প্রত্যাহার এবং কাশিমপুর-২ কারাগার থেকে তাকে অন্য কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন আসামির আইনজীবীরা। সাকা চৌধুরী নামে পরিচিতি এই বিএনপি নেতার বিরুদ্ধে গত বছরের ৪ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংকে হত্যার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে মামলা হয় বলেও নূতন চন্দ্র সিংয়ের ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন। এছাড়া ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে। ২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য গত ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা। এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। সালাউদ্দিন কাদের ছাড়াও জিয়াউর রহমানের আমালের একজন মন্ত্রী এবং জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ ছয় শীর্ষ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনোলে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১২০৫ ঘ.