আবু সুফিয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশ সামনে রেখে পুলিশের তল্লাশি চৌকির পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর তৎপরতায় কার্যত অবরুদ্ধ হয়ে গেছে রাজধানী।
সোমবার সকালে ঢাকার পশ্চিম প্রান্ত গাবতলী বাসস্ট্যান্ড, মাজাররোডের প্রবেশপথ, টেকনিক্যাল মোড় ও কল্যাণপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্যান্ডেল টাঙিয়ে বসে থাকতে দেখা গেছে।
গাবতলী থেকে ঢাকার ভেতরে বাস বা মিনিবাস না চললেও কিছু সিএনজি চালিত অটোরিক্সা চলতে দেখা গেছে। শহর এলাকার বাস চলাচল একেবারেই বন্ধ। রিক্সা ও ভ্যানে করেই চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
মাজাররোড মোড়ে কর্মী পরিবেষ্টিত হয়ে সকাল থেকেই বসে থাকতে দেখা যায় মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হানিফকে।
পুলিশ থাকতেও আওয়ামী লীগ কর্মীরা কেন গাড়ি থামিয়ে তল্লাশি করছেন জানতে চাইলে তিনি বলেন, “বিএনপি ও জামায়াত যাতে নাশকতা করতে না পারে এবং মানুষের জানমাল রক্ষার জন্যই আমরা পুলিশকে সহায়তা করছি।”
এস এম হানিফের সাথে কথা বলার সময়ই দেখা যায়, একটি ট্যাক্সি থামিয়ে উল্টোদিকে, অর্থাৎ আমিনবাজারের দিকে চলে যেতে বলা হচ্ছে। ট্যাক্সিক্যাবে থাকা দুই যাত্রীকে এ সময় অসহায় মনে হচ্ছিল।
ওই ট্যাক্সিকে কেনো শহরে আসতে দেওয়া হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে এস এম হানিফ হেসে বলেন, “যাদের সন্দেহ করা হচ্ছে, তাদেরই ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। আরা মানুষের ভালোর দিক বিবেচনা করেই এমন করছি।”
মিরপুর মাজার রোড মোড়ে বিশাল প্যান্ডেল টাঙিয়ে এ সময় বসে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা। পাশেই পুলিশের একটি ভ্যানকে নিশ্চল দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভ্যানে থাকা পুলিশ সদস্য আতাউর ও নুরুজ্জামান বলেন, আওয়ামী লীগকর্মীদের তল্লাশির ব্যাপারে তারা কিছুই জানেন না।
মাজার রোড থেকে টেকনিক্যাল মোড়ে গিয়েও দেখা যায় প্রায় একই রকম দৃশ্য। মিরপুর বাংলা কলেজের ছাত্রলীগ নেতা কর্মীরা ঘিরে রেখেছে পুরো এলাকা।
ছাত্রলীগের জমায়েতের পাশেই চেকপোস্ট বসিয়ে গাড়িতে গাড়িতে তল্লাশি চলাতে দেখা যায় পুলিশকে।
মিরপুর বাংলা কলেজের পিএকে হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল হাওলাদার বলেন, “আমরা প্রশাসনকে সহায়তা করছি মাত্র। এর বেশি কিছু না।”
‘বিশৃঙ্খলা’ ঠেকাতে ভোর থেকেই এখানে উপস্থিত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে গতকালের মতোই গাবতলী থেকে ঢাকায় দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি।
গাবতলী বাসস্ট্যান্ডে সোহেলী পরিবহনের কর্মচারী মো. আবদুর রাজ্জাক জানান, ঢাকা-দর্শনা-যশোর-ঢাকা রুটে এ পরিবহনের বাস চলাবল রোববার থেকে বন্ধ। ওই রুটে চলাচলকারী চিত্রাপরিবহন, দর্শনা ডিলাক্স ও সোনালী পরিবহনেরও একই অবস্থা বলে জানান তিনি।
বরিশাল রুটের সাকুরা পরিবহনের চাকাও বন্ধ। ঢাকা-খুলনা রুটের হানিফ পরিবহনের কাউন্টারে ঢুকে দেখা গেল, দরজা প্রায় বন্ধ করে টেলিভিশন দেখছে এর কিশোর কর্মচারী।
দিগন্ত পরিবহন, ঈগল পরিবহনসহ অন্যান্য বাস কোম্পানির কাউন্টার ছিলো একদমই বন্ধ।
ঢাকার পূর্বপ্রান্তের প্রবেশদ্বার যাত্রাবাড়ী এবং উত্তর প্রান্তের প্রবেশদ্বার আবদুল্লাহপুরেও পুলিশের তল্লাশি চৌকির পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের তৎপরতা দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/জেকে/১১৪৫ ঘ.
bdnews24