ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ সরকারের সময়ে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের বিচার হওয়ার আশা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তিনি বলেন, “তাদের হত্যাকাণ্ডের আর কোনো বিচারের আশা করতে পারিনা। বিচার-টিচার আর হবে না। প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে এখন বলছেন, আলামত মুছে গেছে। আলামত মুছে ফেলে এখন বলেন, মুছে গেছে!”
এ সরকারের আমলে ১৫ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, “সর্বশেষ হত্যা করা হল সাগর-রুনিকে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। আর প্রধানমন্ত্রী বলেন বেডরুম পাহারা দেওয়া সরকারের কাজ না।”
সাগর-রুনির হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে সাংবাদিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা বলেন, “আপনারা অন্দোলন চালিয়ে যান। আমরা আপনাদের সমর্থন করব।”
বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর এক মাস পার হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বেসরকারি টিভি চ্যানেলগুলোর সংবাদ ও টক শো নিয়ন্ত্রণ করা হচ্ছে অভিযোগ করে খালেদা বলেন, “এ সমাবেশ সরাসরি স¤প্রচার করার কথা ছিল বাংলাভিশন, ইটিভি ও এনটিভির। কিন্তু তাদের লাইসেন্স বাতির করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএ/১৭৪৪ ঘ.
bdnews24