ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না পাওয়ার মধ্যেই বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা যে কোনো মূল্যে সোমবার নয়া পল্টনে মহাসমাবেশ করবেন।
রোববার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এই ঘোষণা দেন। তখন পর্যন্ত পুলিশের অনুমতি না মেলায় নয়া পল্টনে সমাবেশ মঞ্চ তৈরি করতে পারেনি বিএনপি।
ফখরুল বলেন, “সারাদেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সরকার জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। তারপরও শত বাধা-বিপত্তি উপেক্ষা করে আমাদের নেতা-কর্মীরা এখন ঢাকায় এসেছেন।
“এখনো মঞ্চ নির্মাণের অনুমতি পাওয়া যায়নি। তারপও যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে আমরা সোমবার দুপুর ২টায় নয়া পল্টনে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবই।”
মহাসমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া চলমান আন্দোলনের নতুন কর্মসূচিও ঘোষণা করবেন বলে ফখরুল জানান।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে সোমবার ঢাকায় মহাসমাবেশ ডাক দেয় বিএনপি, যাতে সারাদেশ থেকে সমমনা দলগুলোর নেতা-কর্মীরাও যোগ দেবে। এই কর্মসূচিকে তারা বলছে- ‘ঢাকা চলো’ কর্মসূচি।
কিন্তু এই সমাবেশ যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দাবি করে কর্মসূচি থেকে নাশকতার আশঙ্কা প্রকাশ করে আসছে সরকারি দল। সরকারি দলের পক্ষ থেকে এই সমাবেশ বন্ধ করে দিতে পুলিশের প্রতি আহ্বানও জানানো হয়েছে।
মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশেই পুলিশ ধরপাকড় করছে বলে বিএনপির অভিযোগ। এছাড়াও দলটি বলছে, মহাসমাবেশে জনসমাগমে বাধা দিতেই বাস, লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে সরকার।
ফখরুল বলেন, “মহাসমাবেশকে ঘিরে সারাদেশে গণগ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত সাড়ে ৫ হাজারের বেশি নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ক্যাডাররা পুলিশের সহযোগিতায় আমাদের নেতা-কর্মীদের ঢাকা আসার পথে বেদম প্রহার করেছে। আহতের সংখ্যা তিন হাজারের অধিক।”
“সরকার গোটা দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে, সরকার জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। ঢাকার সঙ্গে নৌ, রেল ও সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক কর্মসূচিকে বানচাল করতে এভাবে বাধা দেওয়া পাকিস্তান আমলেও হয়নি,” বলেন তিনি।
অনুমতি না পেলে মহাসমাবেশ হবে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, “আমি আগেই বলেছি, আমাদের মহাসমাবেশ হবে দুপুর ২টায়।”
ঢাকায় আসতে বাধা দেওয়ার পাশাপাশি রাজধানীর প্রতিটি মহল্লায় বিরোধীদলীয় নেতা-কর্মীদের হয়রানি-নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার নেতা-কর্মীদের একটি তালিকাও তুলে ধরেন বিএনপির মুখপাত্র।
সংবাদ সম্মেলনে ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, ফজলুর রহমান পটল, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আহমেদ আজম খান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24