ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ‘বাধা’ সত্ত্বেও ঢাকায় চারদলের মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে জামায়াত কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল একজন নেতা।
দলটির ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, “সারাদেশ থেকে মহাসমাবেশে জামায়াতের প্রায় ১০ লাখ নেতাকর্মী অংশ নেবে। ইতোমধ্যে বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মীরা তাদের ব্যক্তিগত গাড়ি কিংবা বেসরকারি বিভিন্ন পরিবহনে ঢাকায় আসতে শুরু করেছে।”
সমাবেশের আগ পর্যন্ত এভাবে কর্মীরা আসতে থাকবে বলে জানান তিনি।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহালসহ বিভিন্ন দাবিতে সোমবার আয়োজিত এই মহাসমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার।
এ কর্মসূচি সামনে রেখে সারা দেশে গত দুই দিন ধরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ
গত কয়েকদিনে দলের চারশ নেতাকর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে এ অভিযোগ করে মতিউর বলেন, “সরকার সমাবেশ বানচাল করার জন্য ছাত্রাবাস, বাসাবাড়ি থেকে গ্রেপ্তার শুরু করেছে।”
সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার এ দাবি করে দলের কর্মপরিষদের সদস্য মতিউর বলেন, “এভাবে বাধা দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না। সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার, বাধা দিয়ে সংবিধানকে লঙ্ঘন করছে সরকার।”
তিনি বলেন, “সমাবেশ শেষেই নেতাকর্মীরা ফের নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। অযাচিতভাবে ঢাকায় কেউ অবস্থান করবেন না।”
সমাবেশে আসার পথে পুলিশি বাধা পেলে মোকাবেলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “পুলিশের সঙ্গে জামায়াতের নেতাকর্মীরা কোনো সংঘর্ষে যাবে না, বাধা দিলে সেখানেই তারা অবস্থান নেবে।”
“শান্তিপূর্ণ এ কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করবে আশা করি।” বলেন তিনি।
সরকারের মন্ত্রীরা বলছেন, এই মহাসমাবেশ সামনে রেখে নাশকতা ঘটানোর চেষ্টা হতে পারে বলে সরকারের কাছে খবর আছে। এই পরিপ্রেক্ষিতে মহাসমাবেশ বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
জামায়াতের ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার মহাসমাবেশ বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”
ঢাকা মহানগরের জামায়াতের নেতাকর্মীদের বাসায় গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে এ অভিযোগ করে তিনি বলেন, “শত বাধা উপেক্ষা করে মহানগরীতে সমাবেশের পক্ষে বিভিন্ন ব্যানার, ফেস্টুন টাঙিয়েছি, সেগুলোও পুলিশ নামিয়ে ফেলছে। কিন্তু এসব করে লোক সমাগম বন্ধ করা যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬৫৪ ঘ.
bdnews24