শেরপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী উৎপলকে চড় মারার পর এক পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নকলা থানার সামনে উৎপলের ওপর চড়াও হন কনস্টেবল মজনু মিয়া।
ঘটনা শুনে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেরপুর-ঢাকা সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
এরপর নকলা উপজেলা চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ আওয়ামী লীগের নেতারা সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাউদ্দিন সিকদারের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়।
সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের জানান, মজনু মিয়াকে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইন্সে আনা হয়েছে।
তদন্ত সাপেক্ষে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয়রা জানায়, মটর সাইকেলের কাগজপত্র পরীক্ষার জন্য উৎপলকে কনস্টেবল মজনু মিয়া থামতে বললে তিনি একটু দূরে গিয়ে থামেন।
এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মজনু মিয়া সাবেক ছাত্রলীগ নেতা উৎপলকে থাপ্পড় দিলে উত্তেজনা সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.
bdnews24