ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের মহাসমাবেশের দিন ঢাকায় দলীয় নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
একইসঙ্গে ১৪ মার্চ ১৪ দলের মহাসমাবেশে গত ৭ মার্চের শোভাযাত্রার চেয়ে বেশি জনসমাগমের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর সরকারি বাড়ি গণভবনে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এক বৈঠকে শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম অংশ নেন।
এছাড়াও ছিলেন ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
বৈঠকের আলোচনার কথা জানতে চাইলে হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৪ দলের মহাসমাবেশ নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ডেকেছিলেন।”
বৈঠকে উপস্থিত একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “১২ মার্চ বিরোধী দলের ‘ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখে নেত্রী আমাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।”
১২ মার্চ বিএনপির কর্মসূচি থেকে নাশকতার আশঙ্কা করছে সরকারি দলের নেতারা। হানিফ সকালে ১৪ দলের এক বৈঠকে বলেন, “১২ মার্চ বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে চায়। তাছাড়া বিএনপির নেতা সাদেক হোসেন খোকা নিজেই ১২ মার্চ সংসদ সদস্য ও মন্ত্রীদের রাস্তায় বের হতে নিষেধ করেছেন।”
ওই সভায়ই আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ১২ মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং ঢাকার সংসদ সদস্যরা ‘মাঠে’ থাকবেন।
এদিকে আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগ ১২ মার্চ রাজপথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, “১২ মার্চ বিএনপি-জামায়াত জোটের বিশৃঙ্খলা এড়াতে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা দানের লক্ষ্যে ছাত্রলীগ মাঠে থাকবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেটি/এমআই/২৩৪৭ ঘ.
bdnews24