২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কর্মীর ছুরিকাঘাত

বগুড়ায় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ১৪ দলের মানববন্ধনে একই সংগঠনের কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

বগুড়া, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ১৪ দলের মানববন্ধনে একই সংগঠনের কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। মুমূর্ষু অবস্থায় স্বেচ্ছাসেবক লীগের শহর কমিটির সদস্য আনোয়ার হোসেন রানাকে (৩০) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদুল ইসলাম বাপ্পি জানান, দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় মানববন্ধন চলাকালে কোয়েল ইসলাম নামে এক কর্মী রানাকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালো ভর্তি করা হয়েছে। কোয়েল বিগত শহর কমিটিতে সদস্য থাকলেও নতুন কমিটিতে তাকে রাখা হয়নি। স্বেচ্ছাসেবক লীগকর্মী মো. আরিফ জানান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুর রহমান দুলুর সঙ্গে দাঁড়ানোর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রানাকে ছুরিকাঘাত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া সদর থানার এক উপপরিদর্শক বলেন, “কোয়েলের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও আওয়ামী লীগ নেতাদের ফোনের কারণে এতদিন তাকে গ্রেপ্তার করা যায়নি। অবশ্য আজকের ঘটনার পর আওয়ামী লীগ নেতারাই কোয়েলকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছেন।” কোয়েলের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাজাহার হোসেন জানান, আনোয়ার হোসেন রানার সফল অস্ত্রপচার হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। তার বুকে, পিঠে ও উরুতে পাঁচ জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৪ ঘ.