চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশে ‘নতুন মুক্তিযুদ্ধ’ শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
ওই দিন ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিকালে নগরীর নসিমন ভবনে বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠানে আনোয়ার বলেন, “১২ মার্চ হবে ঐতিহাসিক দিন, এই দিন থেকে বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধের শুরু হবে।”
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নগর জাতীয়তাবাদী মহিলা দল এ আলোচনা সভা আয়োজন করে।
আনোয়ার বলেন, “বাংলাদেশের মেয়েদের শিক্ষিত করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান অনেক। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বেগম জিয়া মেয়েদের বৃত্তি দিয়েছিলেন।”
বিভিন্ন ক্ষেত্রে মেয়েদের বৃত্তি দেওয়ায় ‘অচলাবস্থা’ বিরাজ করছে দাবি করে তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গিয়ে এই সব কর্মসূচি পুনরায় চালু করবে।
‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর ১২ মার্চের সমাবেশের ঘোষণা চট্টগ্রাম থেকেই গত ৯ জানুয়ারি দিয়েছিলেন খালেদা জিয়া। গতবছর সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
নগর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি’র সভাপতিত্বে বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, “রাজনীতির মাধ্যমে দেশ কীভাবে পরিচালনা করা হবে তা ঠিক করা হয়। আর এজন্য মহিলাদের ক্ষমতায়ন বাড়াতে নারীদের খালেদা জিয়ার রাজনীতিতে আসা উচিত।”
সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা করেন সভায় অংশগ্রহণকারীরা।
সমাজের বিভিন্ন স্তরে নারীর অবদানের স্বীকৃতির প্রতীক হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ১৯০৯ সালে যুক্তরাষ্ট্রে দিনটি প্রথম বারের মতো পালন করে সোশ্যালিস্ট পার্টি অব আমেরিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৯১৭ ঘ.
bdnews24