২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সম্প্রসারণের ঘোষণা মার্চের মহাসমাবেশে

আগামী ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে চারদলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- আগামী ১২ মার্চ ঢাকার মহাসমাবেশ থেকে চারদলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রাতে চার দলের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, “জোট সস্প্রসারণের খসড়া ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। আমরা কিছু পরামর্শ দিয়েছি। আগামী ১২ মার্চ চারদলীয় জোট সম্প্রসারণের ঘোষণা আসবে।” অপর শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সরকারকে আল্টিমেটাম দেওয়া হবে কি না, আগামী মাসে কী কী কর্মসূচি দেওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” আগামী ১২ মার্চ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। খালেদার গুলশান কার্যালয়ে রাত পৌনে ৯টায় চারদলীয় জোটের এই বৈঠক শুরু হয়ে শেষ হয় ১০টা ১০ মিনিটে। পরে সমমনাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে ১২ মার্চ মহাসমাবেশের প্রস্তুতি, জোট সম্প্রসারণের খসড়া রূপরেখা এবং নতুন কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়। চার দলের বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহান, নির্বাহী পরিষদের সদস্য মিয়া গোলাম পারওয়ার, আবদুল্লাহ মো. তাহের, নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. ফয়েজুল্লাহ, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসাইন, খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের, জমিয়তের উলামা ইসলামীর মহাসচিব মুফতি মো. ওয়াক্কাস উপস্থিত ছিলেন। বৈঠকের পর আন্দালিব রহমান পার্থ জানান, চারদলীয় জোটে নতুন দল অন্তর্ভুক্ত হওয়ায় এর নাম পরিবর্তন হবে। বৈঠকে জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক জোটসহ বেশ কয়েকটি নামের প্রস্তাব এসেছে। তবে নাম চূড়ান্ত হবে পরবর্তী বৈঠকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মহাসমাবেশে বাধা দিলে কর্মসূচি কী হবে, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।” ওই বৈঠকের পর খালেদা জিয়া সমমনা দল ১০টি সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ন্যাশনাল পিপলস পার্টির শেখ শওকত হোসেন নিলু, ফরিদুজ্জামান ফরহাদ, এম অহিদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লুৎফর রহমান, ইসলামিক পার্টির আবদুল মবিন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খন্দকার গোলাম মূর্তজা, আলমগীর মজুমদার, ন্যাপ-এর শেখ আনোয়ারুল হক, জেবেল রহমান গানি, গোলাম মোস্তফা ভূঁইয়া, ন্যাপ-ভাসানীর মুসলিম লীগের এম কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকগুলোয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ছিলেন। এরপর রাত ১২টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, মামদুদুর রহমান চৌধুরী, মহাসচিব জাহানারা বেগম ও যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাহাদাত হোসেন সেলিম জানান, মহাসমাবেশের প্রস্তুতি ও জোট সম্প্রসারণের খসড়া ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০২১ ঘ.