ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ’ সরকারের বিষয়ে স্পষ্ট ঘোষণা এলেই আলোচনায় সাড়া দেবে বিএনপি।
বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ কিংবা অন্তর্র্বতী কিংবা অস্থায়ী নিরপেক্ষ সরকার যে নামেই হোক না কেন- ওইরকম সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে। স্পষ্টভাবে আগে সরকারকে এই ঘোষণা দিতে হবে।”
“তাহলেই সংসদে অথবা সংসদের বাইরে ওই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, তা নিয়ে আলোচনায় আমরা বসতে রাজি আছি।”
কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে বিএনপিসহ চার দল অংশ নেবে না বলে জানান মওদুদ।
জাতীয় প্রেস ক্লাবে ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি’ শিরোনামের ওই আলোচনা সভা আয়োজন করে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ।
গতবছর সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। সংশোধন অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বর্তমান সরকারের মেয়াদের শেষ ৯০ দিনে ‘অন্তর্বতী সরকারের’ অধীনে।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তাই আজ না হোক একদিন না একদিন সরকারকে এই দাবি মানতে হবে।”
‘নির্দলীয় সরকার’ ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
আগামী ১২ মার্চ রাজধানীতে আয়োজিত বিএনপির মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “এ কর্মসূচিকে বানচাল ও বাধা দিতে সরকার নাশকতার ষড়যন্ত্র করছে। সরকারের মন্ত্রীরা এখনই নাশকতার কথা বলছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০০১ ঘ.
bdnews24