ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলিম বিশ্বের কাছে সরকারকে হেয় করতেই সৌদি দূতাবাসের কর্মকর্তাকে খুন করা হয়েছে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “এ ঘটনা নির্বাচিত সরকারকে মুসলিম বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত।”
সোমবার রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী। গুরুতর আহত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বুধবার দুপুরে একটি মামলা করেছে পুলিশ।
সৌদি নাগরিক খুনের ঘটনা গণতন্ত্রের স্থিতিশীলতার বিরুদ্ধে ‘গভীর ষড়যন্ত্রের অংশ’- এমন মন্তব্য করে কাদের বলেন, “সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করতে হবে। যারা এর সঙ্গে যুক্ত তাদের শাস্তি দিতে হবে।”
স্বাধীনতার ঘোষক
স্বাধীনতার ঘোষক নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয় মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, “ঘোষণা দেওয়ার অধিকার তারই থাকে, যার জনগণের ম্যান্ডেট থাকে। বঙ্গবন্ধু ছাড়া আর কাউকে জনগণ ম্যান্ডেট দেয়নি।”
মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক করা অর্থহীন উল্লেখ করে তিনি বলেন, “মহানায়কের সঙ্গে ফুটনোটের তুলনা দিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়টিকে আমরা বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারতাম।”
অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান ও উন্নয়ন পরিচালক ইফফাত আরা নার্গিস সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/জেকে/১৭০৭ ঘ.
bdnews24