২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুর: সাকার অভিযোগ গঠন ফের পেছাল

সীতাকুণ্ডে গাড়ি ভাংচুরের দুটি মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডে গাড়ি ভাংচুরের দুটি মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রামের এই নেতা অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন বুধবার আদালতে হাজির না হলে জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া ১০ এপ্রিল নতুন তারিখ ঠিক করেন। সালাউদ্দিন কাদেরের (সাকা) আইনজীবী ও সাবেক জেলা পিপি মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ এপ্রিল তার মক্কেলকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এ দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা অপর ছয় আসামি জহিরুল ইসলাম, মো. সাহাবউদ্দিন, আলমগীর মাহফুজ, আবুল হাশেম রাজু, কাজী সালাউদ্দিন ও কাজী ফরিদউদ্দিন বুধবার আদালতে হাজিরা দেন। ২০১০ সালের ৭ নভেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থান অবরোধ করে একটি লরি, কভার্ড ভ্যান ও ট্রাক ভাংচুর করে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা। ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে গ্রেপ্তার করে। সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘হয়রানি করার প্রতিবাদে’ তার সমর্থকরা এ ভাংচুর চালায় বলে পুলিশের দাবি। ঘটনার পরদিন পুলিশ বিএনপি নেতাসহ তার সহযোগীদের বিরুদ্ধে দুটি মামলা করে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলা দুটিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সীতাকুণ্ড থানার এসআই খাদেমুল বাশার গত বছরের ১২ নভেম্বর সালাউদ্দিন কাদেরসহ নয় জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের এ মামলায় জামিন পেলেও একাত্তরে যুদ্ধাপরাধের মামলাসহ আরো বেশ কয়েকটি মামলায় কারাগারে রয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/আরএ/১৩৩৮ ঘ.