ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া।
তিনি অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। মঙ্গলবার বিকালে এক শোকবার্তায় তিনি এই দাবি জানান।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, “সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব খালাফ আল আলী দুষ্কৃতকারী কর্তৃক নিহত হওয়ার ঘটনা শুধু স্বদেশ নয় বহির্বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হলো। বিদেশি একজন কূটনীতিক নিহত হওয়ার ঘটনা এ দেশে প্রথম।”
“দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কত বিপজ্জনক হয়ে উঠেছে এ ঘটনায় সেটি আবারও নতুন করে প্রমাণ হলো।”
সোমবার গভীর রাতে ঢাকায় সৌদি দূতাবাসের দ্বিতীয় সচিব খালাফ আল আলী গুরুতর আহত হলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তিনি মারা যান।
দেশের সুনাম রক্ষায় অবিলম্বে খালাফ আল আলীর হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান খালেদা।
বিবৃতিতে তিনি মৃতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সৌদি জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩৫১ ঘ.
bdnews24