ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘অনন্য সাধারণ’।
তিনি বলেছেন, “এই সম্পর্কের ফলে ভারতে আমাদের রপ্তানি হওয়া পণ্যের ৯৫ শতাংশ যাচ্ছে শুল্কমুক্তভাবে।”
ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক দলের প্রধান সংসদে ও সংসদের বাইরে এ উপদেষ্টার তীব্র সমালোচনা করার পরপরই মঙ্গলবার দুই দেশের সম্পর্ক বিষয়ে কথা বলেন রিজভী।
মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ সংসদে এবং সংসদের বাইরে জনসভায় যথাক্রমে সোম ও মঙ্গলবার গওহর ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমানের সমালোচনা করেন। এই দুই উপদেষ্টা ভারতের স্বার্থ রক্ষা কাজ করছেন বলে অভিযোগ করেন তারা।
উপদেষ্টা গওহর কথা বলছিলেন ‘কানাডা বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’ বিতরণ অনুষ্ঠানে। কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সাসখাচুন ট্রেড অ্যান্ড এক্সপোর্ট পার্টনারশিপের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হয়।
কানাডার সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন।
শিগগির দ্বিপক্ষীয় বাণিজ্য দুশ কোটি ডলার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল একশ ৬০ কোটি ডলার।
গত বছরের বাণিজ্যের ওই পরিমাণকে ‘রেকর্ড’ হিসাবে অভিহিত করেন অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশে কানাডার হাই কমিশনার হিদার ক্রুদেন।
প্রথমবারের মতো প্রবর্তিত বিজনেস অ্যাওয়ার্ড বিজয়ীদের অভিনন্দন জানান তিনি।
কানাডা-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাসুদুর রহমান বলেন, “দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের হাই কমিশনের সহযোগিতায় ব্যবসায়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে।”
‘কানাডায় সবচেয়ে কাক্সিক্ষত বাংলাদেশি ব্যবসায়িক সহযোগী’ বিভাগে পুরস্কৃত হয় সিটি অব গ্র“প অব কোম্পানিজ লিমিটেড। সাসখাচুন পালস গ্রোয়ার্স পুরস্কৃত হয় ‘বাংলাদেশে সবচেয়ে কাক্সিক্ষত কানাডীয় ব্যবসায়িক সহযোগী’ বিভাগে।
বাংলাদেশের পরিবেশবান্ধব কোম্পানি হিসাবে পুরস্কার পায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।
বাংলাদেশে সবচেয়ে সফল কানাডীয় বিনিয়োগকারীর পুরস্কার পায় বাটা সু কোম্পানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/পিডি/১৮৩৯ ঘ.
bdnews24