২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্মসূচিতে বাধা দিলেই বরং অশান্তি হবে’

বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায় জানিয়ে তাতে কোনো ধরনের বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চের কর্মসূচি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য- সরকারি দলের নেতাদের এই বক্তব্য নাকচ করে বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ করতে চান। “বাধা দিলে যে পরিস্থিতি হবে, তা সামাল দিতে আপনারা পারবেন না,” সরকারকে হুঁশিয়ার করে মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন তিনি। ১২ মার্চ ঢাকার নয়া পল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি, যাতে জোটসঙ্গীসহ সমমনা দলগুলোর সারাদেশের নেতা-কর্মীরা অংশ নেবে। এই কর্মসূচি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে আসছেন সরকারি দলের নেতারা। ফখরুল বলেন, ১২ মার্চ আমাদের কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। সরকারকে বলব, দয়া করে এই মহাসমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পথ থেকে সরে আসুন। সহযোগিতা করলে দেশের জনগণ আপনাদের ভালো চোখে দেখবে।” বিএনপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে এই সমাবেশ ডাকলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করাই এই সমাবেশের উদ্দেশ্য। সরকারি দলের নেতাদের প্রচারকে ‘গোয়েবলসীয়’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, “মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশ সফল হবেই।” বিএনপি অভিযোগ করে আসছে, সরকার বিভিন্নভাবে মহাসমাবেশ বানচাল করার চেষ্টা করছে। সমাবেশে আসা নেতা-কর্মীদের ঢাকায় থাকতে হোটেল ও কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হচ্ছে না। বাস ভাড়া না দিতেও মালিকদের চাপ দিচ্ছে সরকারি দলের নেতারা। এর মধ্যে সোমবার তিনিসহ সাদেক হোসেন খোকার বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থক দুই আইনজীবীর জিডির প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “কোনো কথা বলতে পারব না, প্রতিবাদ করা যাবে না; করলে মামলা হবে, জিডি হবে। এটা কোন দেশে আমরা আছি। গোটা দেশে তারা (সরকার) এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।” কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পঞ্চম কারাবন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়। তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হয়েছিলেন খালেদা জিয়ার ছেলে তারেক। পরে জামিনে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে গিয়ে এখনো সেখানে অবস্থান করছেন তিনি। ফখরুল বলেন, “অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার মধ্য দিয়ে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে।” সভায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “১২ মার্চ কোথাও বাধা এলে প্রতিরোধের জন্য ছাত্রদলকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আর কোনো ছাড় দেওয়া হবে না।” ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম বাবুল, হাবিবুর রশীদ হাবিব, আমিরুজ্জামান শিমুল, আনিসুর রহমান তালুকদার খোকন, আমিরুল ইসলাম খান আলিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬১৫ ঘ.