ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- সরকার বিএনপির মহাসমাবেশ ‘বানচালে অপচেষ্টা’ করছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “পুলিশ দলের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে।”
“রাজধানীর হোটেল মালিকদের থানায় ডেকে নিয়ে বলে দেওয়া হচ্ছে, আগামী চার দিন যেন ঢাকার বাইরের কাউকে কক্ষ ভাড়া দেওয়া না হয়।”
সরকারের এ ‘ষড়যন্ত্র’ সত্ত্বেও আগামী ১২ মার্চ বিএনপি মহাসমাবেশটি ‘সর্ববৃহৎ শান্তিপূর্ণ’ হবে বলে ঘোষণা দেন তিনি।
‘নিদর্লীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ করবে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল সোমবার বিকালে কথা বলছিলেন তারেক রহমানকেন্দ্রিক এক আলোচনা সভায়।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সভাটি আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনটির সভাপতি বিএনপিপ্রধান খালেদার জিয়ার ছেলে তারেক রহমানের ‘পঞ্চম কারাবন্দি’ দিবস উপলক্ষে এই সভা হয়।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে জাতীয়তাবাদী শক্তির প্রতীক অভিহিত করে মির্জা ফখরুল বলেন, “তৃণমূল থেকে রাজনীতিকে সক্রিয় করার কাজ হাতে নিয়েছিলেন বলে তারেক রহমানকে ১/১১তে গ্রেপ্তার করে তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছিলো। তার ওপর নির্যাতন চালিয়ে পঙ্গু করে দেওয়া হয়।”
“১/১১ এর সেই ষড়যন্ত্র এখনো চলছে। তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।”
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি ও চাঁদাবাজি মামলা হয় ওই সময়। পরে সবগুলো মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে লন্ডন যাওয়া তারেক এখন পর্যন্ত সেখানেই আছেন।
১২ মার্চের সমাবেশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই আমরা দেশের মানুষের ‘ভাত ও ভোটের অধিকারের’ কথা বলে এবং অন্যায়ের প্রতিবাদ করে তখনই সরকার যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে এই মহাসমাবেশ হচ্ছে বলে ‘ভাঙা ক্যাসেট’ বাজায়।
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনিপর ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “১৯৮৬ সালে এরশাদের পাতানো নির্বাচনে শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। এবার শেখ হাসিনার পাতানো নির্বাচনে অংশ নিতে এরশাদ স্বপ্ন দেখছে।”
“তাই সরকারকে বলতে চাই, এখনো সময় আছে, পাতানো খেলার নির্বাচনে পথ থেকে সরে আসুন। দেয়ালের লিখন পড়–ন, মানুষের ভাষা বুঝতে চেষ্টা করুন।”
সাংবাদিক দম্পত্তি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারী এখনো ধরা না পড়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর রাজাবাজের নিজ বাসায় খুন হন তারা। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯১৫ ঘ.
bdnews24