ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১২ মার্চে ঢাকায় বিএনপির মহাসমাবেশে সারাদেশ থেকে নেতা-কর্মীদের আসার ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বলেছেন, “মহাসমাবেশে লোকজন আসতে সরকার বাধা দিতে শুরু করেছে। হোটেল ভাড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা বাইরে থেকে বাসও ভাড়া পাওয়া যাচ্ছে না।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী হোটেল কক্ষ বিএনপি নেতাদের ভাড়া না দিতে চাপ দিচ্ছে। অন্যদিকে বাসমালিকদের চাপ দিচ্ছে সরকারদলীয় নেতারা।
“আমরা স্পষ্টভাষায় সরকারকে বলে দিতে চাই, হোটেল ভাড়া না পেলে আমরা রাস্তায় থাকব। বাস-গাড়ি না পেলে মানুষজন হেঁটে ঢাকায় আসবে। একে কেউ রুখতে পারবে না,” বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আগামী ১২ মার্চ ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। এতে সারাদেশ থেকে বিএনপি এবং তাদের জোটসঙ্গীদের নেতা-কর্মী-সমর্থকরা যোগ দেবেন।
তবে সরকারি দলের নেতারা বলছেন, যুদ্ধাপরাধীর বাঁচাতে বিএনপির কর্মসূচি থেকে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিষয়ে প্রধানমন্ত্রীও বিরোধী দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্য জোট আয়োজিত ওই আলোচনা সভায় মহাসমাবেশ সফল করতে সমমনা দল দলের সক্রিয়তা প্রত্যাশা করে ফখরুল বলেন, এর মাধ্যমে বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে হবে, এ সরকার গণতন্ত্রবিরোধী।
বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে সরকার পতনে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ইসলামী ঐক্য জোটের ঢাকা মহানগর সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন জোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, সহসভাপতি আবদুল লতিফ, যুগ্ম মহাসচিব মুফতি মো. তৈয়ব প্রমুখ।
‘জনস্রোত ঠেকানো যাবে না’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মহাসমাবেশে সরকার বাধা দিলেও জনস্রোত ঠেকিয়ে রাখা যাবে না।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, “১২ মার্চের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। সারাদেশের গ্রামে-গঞ্জে ব্যাপক প্রস্তুতি চলছে। সেদিন সারা দেশ থেকে ঢাকায় মানুষজন এসে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে।”
অস্থিতিশীলতা সৃষ্টি হলে যথাযথ ব্যবস্থা- প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাবে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, খবর আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলব- কী খবর আছে, তা জনগণকে জানান। আমাদের ধারণা, প্রধানমন্ত্রীর কাছে খবর আছে, সেদিন মানুষে সয়লাব হয়ে যাবে।”
মহাসমাবেশ নিয়ে সরকারি দলের নেতা ও মন্ত্রীদের বক্তব্য উস্কানিমূলক দাবি করে বিএনপি নেতা বলেন, এই ধরনের বক্তব্য দিয়ে সরকারই পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
আলোচনা সভায় বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. মোহাম্মদ রহমাতুল্লাহ, রফিক শিকদারও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24