ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির মহাসমাবেশের এক দিন পরই ঢাকায় মহাসমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এতে অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।
১৪ দলের শরিক দলগুলোর নেতাদের মধ্যে বৈঠকে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, শিরীণ আখতার প্রমুখ।
যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউতে এই সমাবেশ হবে। এতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে জোটের নেতারা সাংবাদিকদের জানিয়েছেন।
আগামী ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এতে সারাদেশ থেকে চারদলীয় জোটের নেতা-কর্মী-সমর্থকরা যোগ দেবে।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে এই সমাবেশ করার কথা বিএনপি বললেও আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালই বিরোধী দলের কর্মসূচির উদ্দেশ্য।
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বৃহস্পতিবার সকালেই জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বলেন, বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।
বিএনপি-জামায়াত জোটের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,“ চিহ্নিত স্বাধীনতাবিরোধী শক্তি শুরু থেকেই এই বিচারকাজকে বাধা দেওয়ার জন্য নানা নৈরাজ্যমূলক কর্মসূচি দিচ্ছে।”
যুক্তরাষ্ট্র, কানাডা এবং সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ আয়োজিত মানববন্ধনে অংশ নেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহামান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসডব্লিউ/এমআই/১৪০০ ঘ.
bdnews24