২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি আ. লীগ-বিএনপির

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো শুক্রবার থেকে কয়েকদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 04:07 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো শুক্রবার থেকে কয়েকদিন জাতিসংঘ সদর দপ্তরের সামনে সমাবেশ-মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার আন্তর্জাতিক ষড়যন্ত্র রোখার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ শুক্রবার বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত জাতিসংঘের সামনে মানববন্ধন করবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মানববন্ধনের তারা জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দেওয়া হবে। ৪ মার্চ রোববার বেলা ২টায় জাতিসংঘের সামনে বিক্ষোভ করবে যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। চট্টগ্রামের নন্দীরহাটে মন্দির ভাংচুর ও হিন্দুদের বাড়িঘর লুটপাটের প্রতিবাদে এই কর্মসূচি বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুশীল সাহা। এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত ‘নর্থ আমেরিকা আওয়ামী লীগ’ জাতিসংঘের সামনে মানববন্ধন করবে ১১ মার্চ। এর দুদিন আগে ৯ মার্চ নিউ ইয়র্ক বিএনপিও একই স্থানে বিক্ষোভ করবে। দেশে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা-নির্যাতনের প্রতিবাদে এই কর্মসূচি বলে জানান নিউ ইয়র্ক বিএনপির নেতা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন ১২ মার্চ যুক্তরাষ্ট্র বিএনপি নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস ও ওয়াশিংটনে সমাবেশ করবে। সেদিন বাংলাদেশ কন্স্যুলেট ভবন ঘেরাও করা হবে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী জানিয়েছেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে তারা জাতিসংঘের সামনে বিক্ষোভ করবেন ১৮ মার্চ। জাতিসংঘের সামনে সরকারের পক্ষ ও বিপক্ষ গোষ্ঠির বিক্ষোভ-মানববন্ধন কর্মসূচি স্থানীয় বাংলাদেশিদের কৌতূহল দেখা যাচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক ফারাক্কা কমিটির পক্ষ থেকে ‘চল চল ওয়াশিংটন চল’ কর্মসূচির অংশ হিসেবে ৫ মার্চ হোয়াইট হাউজের সামনে মানববন্ধনের কর্মসূচি দেওয়া হয়েছে। টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে ভারতকে সরে দাঁড়াতে ভারতের ওপর চাপ সৃষ্টির জন্য এই কর্মসূচি বলে সংগঠনের নেতারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.