ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড যেন না ঘটে সেজন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদে বুধবারের অধিবেশনে তিনি বলেন, “তারপরও যদি কোথাও অপ্রত্যাশিতভাবে কোনো ঘটনা ঘটে যায়, সে বিষয়ে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।”
খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম মঞ্জুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, যে কোনো নিহত ব্যক্তির পরিবার আইনের আওতায় প্রতিকার চাইতে পারে।
নজরুল ইসলাম তার প্রশ্নে জানতে চান, দেশে বিচারা-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে কি না? বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারের কী পরিকল্পনা আছে? নিহতদের পরিবার ন্যায়বিচার পাবে কি না ?
গুম ও গুপ্ত হত্যা প্রসঙ্গে ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “গুম ও গুপ্তহত্যা প্রতিরোধের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বদা সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
বেনজির আহমেদ জানতে চেয়েছিলেন, গুম ও গুপ্তহত্যা প্রতিরোধে সরকার কী পদক্ষেপ নিয়েছে? কয়টি ঘটনার কার্যকর তথ্য সরকারের কাছে স্পষ্ট হয়েছে?
বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। গত বছর এ ধরনের হত্যার ঘটনা কমে এলেও ওই বছরের শেষ মাঝমাঝির পর মানুষ নিখোঁজ হওয়া এবং পরে তার লাশ উদ্ধারের বেশ কয়েকটি ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৬ ঘ.
bdnews24