২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফোর্সড সেল না করার অনুরোধ করা হয়েছে’

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল না করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার ফোর্সড সেল না করার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্যিক ব্যাংকগুলো শেয়ারবাজারে ‘অধিক হারে’ বিনিয়োগে সম্মত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার জাতীয় সংসদে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে নোয়াখালী-১ আসনের সাংসদ মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নে টেবিলে উত্থাপিত জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে সরকার সচেষ্ট রয়েছে। “পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের মূল্যের উত্থান-পতন একটি স্বাভাবিক বৈশিষ্ট্য।” “২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়নের পর দরপতন হয়। সেজন্য [খোন্দকার] ইব্রাহীম খালেদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। প্রতিবেদন অনুযায়ী পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং ১৪টি বিষয়ে তদন্ত চলছে।” প্রধানমন্ত্রী জানান, এছাড়াও সরকার বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বাণিজ্যেক ব্যাংকগুলো আরো অধিক হারে পুঁজিবাজারে বিনিয়োগ করতে সম্মত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সেকেন্ডারি মার্কেট থেকে কেনা শেয়ারের ওপর আয়কর রেয়াত দেওয়া প্রক্রিয়াধীন।” “বর্তমানে ইনসাইডার ট্রেডিং আইন অনেক দুর্বল। এটিকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও লেনদেনের সময়সীমা তিনদিনের পরিবর্তে দুই দিন করা, আর্থিক সমন্বয় সুবিধা সহজ করা এবং ফোর্স সেল না করার অনুরোধ করা হয়েছে।” ২০১০ সালের ডিসেম্বর ধেকে দেশের দুই পুঁজিবাজারে দরপতন শুরু হয়। ওইসময় থেকে গত মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকের পতন হয় প্রায় ৬০ শতাংশ। ব্যাপক দরপতনের কারণে ঋণ নিয়ে যারা বিনিয়োগ করেছিলেন তাদের বেশিরভাগই নিজের পুঁজি হারিয়ে ফেলেছেন। তাই ঋণদাতা অনেক ব্রোকারেজ হাউজ তাদের শেয়ার বিক্রি (ফোর্সড সেল) করে দিচ্ছেন। এ ধরণের বিক্রির আওতায় পড়ে অনেকেই নিঃস্ব হয়েছেন। আবার ফোর্সড সেলের কারণে ক্রমাগত বিক্রির চাপ থাকায় বাজার ঊর্ধ্বমুখী হতে পারছে না বলেও মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বরে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়া এবং বাজারে স্থিতিশীলতা ফেরানোর জন্য একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার নির্দেশ দেন। গত ২৩ নভেম্বর এসইসি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এরপর ডিসেম্বরে কিছুটা স্থিতিশীলতা ফিরলেও গত ৮ জানুয়ারি মাসজুড়ে চলে ব্যাপক দরপতন। তবে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা ঊর্ধ্বমূখী ধারায় রয়েছে দুই পুঁজিবাজার। এদিকে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেওয়ার বিষয়ে গত বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ১০ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/পিডি/১৭১৫ ঘ.