ভোলা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রোববার রাতে তৈয়বুর রহমানকে সভাপতি ও আসিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে কলেজ শাখার আট সদস্যের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পর পরই পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজের সামনে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে।
ছাত্রলীগ নেতা মেহেদি হাসান ও মুহিন জানান, কাউকে না জানিয়ে রাতের আঁধারে জেলা ছাত্রলীগ নেতারা কমিটি করেছে। অথচ এই কমিটির কারো ছাত্রত্ব নেই।
অবশ্য জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন দাবি করেন, নিয়মনীতি মেনেই কমিটি গঠন করা হয়েছে।
ভোলা থানার ওসি মোবাশ্বের আলী জানান, দুপুরে অবরোধ তুলে নেওয়ার পর গাড়ি চলাচল শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯০৭ ঘ.
bdnews24