২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার হটাতেই বিডিআর বিদ্রোহ’

বিডিআর বিদ্রোহের মাধ্যমে গণতন্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মাধ্যমে গণতন্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে রোববার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠনের মাত্র এক মাসের মধ্যে সংগঠিত এর বিদ্রোহ প্রকৃতপক্ষে সরকারকে উৎখাতের একটি ষড়যন্ত্র ছিল। স্বাধীনতাবিরোধী একটি চক্র গৃহযুদ্ধ বাঁধিয়ে মুক্তিযুদ্ধবিরোধী চেতনা বাস্তবায়ন করতে চেয়েছিল।” “বিদ্রোহের সময় আমরা সরকারের সাহসী ভূমিকা দেখেছি, কিন্তু বিরোধীদলীয় নেত্রীকে এ ঘটনার পরে অনেক দিন পাওয়া যায়নি। তার ভূমিকা অত্যন্ত রহস্যময় ছিল,” যোগ করেন তিনি। ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের তিন বছর অতিক্রম হল শনিবার। ২০০৯ সালের ওই ঘটনায় প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন। আনোয়ার হোসেন বলেন, “কয়েকদিন আগে আমরা একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের বিষয়ে জানলাম। এটিও একই সূত্রে বাঁধা। হিযবুত তাহরির আর কিছু নয়, বরং জামাতের একটি বর্ধিত অংশ।” সাংবাদিক বেবী মওদুদ বলেন, “সরকার সে সময় যে সাহসিকতার সঙ্গে এ বিদ্রোহ দমন করেছিল, এর জন্য তাদের অভিনন্দন জানাই। সেনাবাহিনী আমাদেরই অংশ, আমরা আশা করব, ভবিষ্যতে যে কোনো অপশক্তির ষড়যন্ত্র তারা রুখে দাঁড়াবে।” মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যারা মুক্তিযুদ্ধের সময় ঢাকায় ছিলাম, আমরা তো আসলে জানি, কী হয়েছিল। যারা আজ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাচ্ছে, তারা কি সত্য জানে না।” বিরোধী দলের সমালোচনা করে সরকারি দলের সংসদ সদস্য বেবী মওদুদ বলেন, “জিয়া যদি স্বাধীনতার ঘোষকই হবে, তাহলে তার দল কেন যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কথা বলে।” আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘বিডিআর বিদ্রোহ ও গণতান্ত্রিকধারা নস্যাতের চক্রান্ত’ শীর্ষক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দোপধ্যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগের সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪৩০ ঘ.