২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই: এরশাদ

দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করতে পারলে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 06:28 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করতে পারলে শান্তি আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। শনিবার তিনি রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের ‘রক্ত কথা বলে’ নামের উপন্যাসটির মোড়ক উন্মোচন করেন কবি ফজল শাহাবুদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ বলেন, “সুনীলের বইটি পড়েছি, বইটিতে মুক্তিযুদ্ধ এবং এর পূর্বাপর ঘটনাকে বর্তমানের মাঝে সজীবরূপে তুলে ধরা হয়েছে।” দেশপ্রেম আর মানবিক প্রেমের মধ্যে সংঘাতের কাহিনী নিয়ে রচিত হলেও মুক্তিযুদ্ধের আকর এ গ্রন্থটি কোনোকিছুই বাস্তবের বাইরে নয়, যোগ করেন এরশাদ। সদ্য প্রকাশিত বইটির কাহিনী তুলে ধরে তিনি বলেন, “দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করতে পারলে শান্তি আসবে না, মিলবে না অর্থনৈতিক মুক্তি।” সুনীলের কর্মজীবনের বর্ণনায় এরশাদ বলেন, “আমার জীবনের অনেক কিছুর সঙ্গে তুমি জড়িয়ে আছ। সবকিছু শেষ হয়ে যায়নি। আমরা আবারো মাথা উঁচু করে দাঁড়াবো।” মোড়ক উম্মোচন করে কবি ফজল শাহাবুদ্দীন বলেন, “বইটিতে মুক্তিযুদ্ধের যে উজ্জ্বল চিত্র উঠে এসেছে তা পাঠককে আকর্ষণ করবে। সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিনা সে ব্যাপারে একটি রায় পাওয়া যায় সুনীলের বইতে।” ১৫৭ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে সিকদার প্রেস অ্যাণ্ড পাবলিকেশন্স। মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন, চিত্রনায়ক সোহেল রানা, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক সোমনাথ দে প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/ডিডি/০০১৬ ঘ.