নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেত্রীকে সংসদে এসে অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
শনিবার নারায়ণগঞ্জে তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী তিন মাস আগেও বলতেন নিজামী, মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরীরা যুদ্ধাপরাধী নন। এখন আর সে কথা বলছেন না। জনগণের মনোভাব বুঝতে পেরে তিনি হয়তো তার জায়গা থেকে সরে এসেছেন।
“তাই বিরোধী দলীয় নেত্রীর কাছে আমাদের আহবান গণঅভ্যুত্থানের ভয় না দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন না করে সংসদে এসে অন্তর্র্বতীকালীন সরকারের রূপরেখা উপস্থাপন করুন,” বলেন সাবেক শিল্পমন্ত্রী।
তিনি বলেন, ঊনসত্তরের গণ অভ্যুত্থানের ইতিহাসের দিকে তাকান। মুখে বললেই গণঅভ্যুত্থান হয়ে যায় না।
বিকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলী আহম্মদ চুনকা স্মারকগ্রন্থ ‘আমাদের চুনকা ভাই’ এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন।
তোফায়েল আহমেদ বলেন, আলী আহম্মেদ চুনকা ছিলেন গণমানুষের নেতা। তৃণমূল থেকে উঠে এসে তিনি দু’বার নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। নারায়ণগঞ্জবাসীর মনের মণিকোঠায় জায়গা করে নেন স্থায়ীভাবে।
বঙ্গবন্ধুর অত্যন্ত ¯েœহভাজন আলী আহম্মদ চুনকা আওয়ামী লীগের রাজনীতি করলেও দল মতের ঊর্ধ্বে উঠে সবার ভালোবাসা অর্জন করেছিলেন। তার সুযোগ্য মেয়ে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বাবার আদর্শকে ধারণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, “এখন তো নেতা হতে তৃণমূল থেকে উঠে আসা লাগে না, নেতা বানিয়ে দেওয়া হয়। তাই আমরা রাজনীতিতে অবক্ষয় লক্ষ্য করি।”
সেলিনা হায়াত আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আল কায়সার, জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কবি ও সাংবাদিক হালিম আজাদ, পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান আসাদ, নারী নেত্রী লক্ষী চক্রবর্তী, সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন চুন্নু, স্মারকগ্রন্থ সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ ইসহাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি প্রমুখ।
সেলিনা হায়াত আইভী বলেন, “আমার বাবা ভোগ নয়, ত্যাগের রাজনীতি শিখিয়েছেন। নিতে নয়, দিতে শিখিয়েছেন তিনি। সিটি কর্পোরেশন নির্বাচনে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, তা রক্ষা করতে চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২৩৩১ ঘ.
bdnews24