২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট ও সমমনা দলের সঙ্গে খালেদার বৈঠক

ঢাকায় ১২ মার্চে মহাসমাবেশ সামনে রেখে জোট শরিক ও সমমনা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2012, 04:47 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ১২ মার্চে মহাসমাবেশ সামনে রেখে জোট শরিক ও সমমনা দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতের এই বৈঠকে সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন চারদলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে ১২ মার্চ ঢাকায় সমাবেশ ডেকেছেন খালেদা। সারাদেশ থেকে নেতা-কর্মী-সমর্থকরা এতে যোগ দেবে বলে একে ‘ঢাকা চল’ কর্মসূচি বলছেন বিএনপি নেতারা। গুলশানে নিজের কার্যালয়ে রাত পৌনে ১০টায় চারদলীয় জোট এবং পরে সমমনা নয়টি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। আন্দালিব বলেন, “১২ মার্চ মহাসমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হঢেছে। এই সমাবেশকে আমরা সফল করবই।” খালেদার ডাকা ওই সমাবেশে চারদলীয় জোটের বাইরে সমমনা দলগুলোও অংশ নেবে। এই সমাবেশের আগে রোড মার্চ কর্মসূচিতেও তারা অংশ নিয়েছিলেনভ খালেদার সভাপতিত্বে চারদলীয় জোটের বৈঠকে ছিলেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুস সুবহান, কর্ম পরিষদের সদস্য মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল, বিজেপির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের সভাপতি মোহাম্মদ ইসহাক, মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ। সমমনা দলগুলোর নেতাদের মধ্যে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব শোয়াইব আহমদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাপ ভাসানীর সভাপতি শেখ আনোয়ারুল হক, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম ও কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২৪৭ ঘ.