পঞ্চগড়, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে পঞ্চগড়ে অবস্থিত ভারতীয় ছিটমহলের বাসিন্দারা।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি জেলার ১২টি ছিটমহলে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে মঙ্গলবার তাতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রতিটি ছিটমহলেই স্কুলপড়–য়া শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেয়।
বোদা উপজেলার ময়দানদীঘির পুটিমারি শাখা ছিটমহল সমন্বয় কমিটির সভাপতি আবু জাকের সাংবাদিকদের জানান, তারা কাগজে-কলমে ভারতীয় হলেও বাংলাদেশের প্রতিই তাদের টান।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশি নাগরিকত্বের দাবিই তুলে ধরেন এই ছিটমহলবাসী।
গারাতি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান মফিজার রহমান জানান, এবারই প্রথম বাঁশ ও কাপড় দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে ছিটমহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
শহীদ মিনারের পাশে বাংলাদেশের জাতীয় পতাকাও তোলা হয় বলে জানান মফিজার।
গরাতি ছিটমহলের বাসিন্দা নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানান, বাংলাদেশের সহপাঠীরাই তার বন্ধু, এবার তাদের সঙ্গে একুশে পালন করতে পেরে সে গর্বিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭২০ ঘ.
bdnews24