২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাকারী হিসেবে সাঈদীকে শনাক্ত করলেন হাফিজ

একাত্তরে স্বজন হারানো সাইফ হাফিজুর রহমান বলেছেন, তার বড় ভাইসহ তিন জনের হত্যায় দেলওয়ার হোসাইন সাঈদী সরাসরি জড়িত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে স্বজন হারানো সাইফ হাফিজুর রহমান বলেছেন, তার বড় ভাইসহ তিন জনের হত্যায় দেলওয়ার হোসাইন সাঈদী সরাসরি জড়িত ছিলেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে এসে এ কথা বলেন নড়াইল বার অ্যাসোসিয়েশনের এই সভাপতি। ১৯৮৬ ও ৮৮-র জাতীয় নির্বাচনে নির্বাচিত হাফিজুর রহমান বলেন, “স্বাধীনতা যুদ্ধের সময় তার বড় ভাই পিরোজপুরে কর্মরত ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সাব ডিভিশন কর্মকর্তা (এসডিও) আব্দুর রাজ্জাক ও সাব ডিভিশনাল পুলিশ কর্মকর্তা (এসডিপিও) ফয়জুর রহমানকে রাজাকার বাহিনী ধরে নিয়ে যায়। পরে বলেশ্বরী নদীর তীরে তাদের হত্যা করা হয়।” একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো। এই ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ষাটোর্ধ্ব হাফিজুর রহমান বলেন, পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী খান বাহাদুর মোহাম্মদ আফজলের কাছ থেকে তিনি ওই হত্যাকাণ্ডের খবর জানতে পেরেছিলেন। “মিজানুরের স্ত্রীর ও আমার শ্যালিকার কাছে খবর পেয়ে পিরোজপুর গিয়ে আফজলের কাছে ঘটনার বিস্তারিত জানতে পারি। তিনি (আফজল) জানান আমার ভাই মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছিলেন। এ কারণে তাকেসহ অন্যদের হত্যা করা হয়েছে।” হাফিজ বলেন, “ভাইকে যেই গাড়িতে করে ধরে নেওয়া হয়েছিলো সেটিতে মুন্নাফ রাজাকার উপস্থিত ছিলেন। দেলওয়ার হোসাইনও তাতে ছিলেন। পরে আমি জানতে পারি এই দেলওয়ার হোসাইনই পরবর্তীতে দেলওয়ার হোসাইন সাঈদী নামে পরিচিত হয়।” সাক্ষ্য শেষে সাঈদীর আইনজীবী মিজানুল ইসলাম তাকে বিরতির আগে পর্যন্ত জেরা করেন। বিরতির পর অপর আইনজীবী মনজুর আহমেদ আনসারীর জেরার মধ্য দিয়ে আদালতের কার্যক্রম শেষ হয়। জেরায় মিজানুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপনি এমন একটি প্রস্তাব পাস করেছিলেন যেখানে উল্লেখ ছিলো এই আইনজীবী সমিতির কেউ ওই মামলায় আপনার বিরুদ্ধে লড়তে পারবে না। অবশ্য হাফিজ তা অস্বীকার করেন। জবাবে ২০০৯ সালের ২৬ জুলাইয়ে একটি বহুল প্রচারিত দৈনিকে ওই খবর প্রকাশের কথা উল্লেখ করেন মিজানুল। এ সময় হাফিজ বলেন, প্রতিবেদনটি প্রকাশের পর তিনি ওই খবরের প্রতিবাদ জানিয়েছিলেন যা প্রকাশ করা হয়নি। জেরা শেষে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হয়। বিকেল ৪টা পর্যন্ত প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম আনুষ্ঠানিক অভিযোগের ১৫১ পৃষ্ঠা পর্যন্ত পড়া শেষ করেন। প্রসিকিউটর বলেন, গোলাম আযম [১৯৭১ সালের] ২৫ মার্চ গভীর রাতে ‘অপারেশন সার্চলাইট’ চালানোর পর ৪ এপ্রিল গভর্নর হাউসে পূর্ব পাকিস্তানের ‘খ’ অঞ্চলের সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের সঙ্গে দেখা করেন। এর মাত্র দুই দিন পর তিনি আবারও দেখা করে মুক্তিযোদ্ধাদের ‘পাকিস্তানে সশস্ত্র অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সশস্ত্র বাহিনীকে সহায়তা করার আশ্বাস দেন। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে অভিযোগের ১২২ পৃষ্ঠা থেকে পড়া শুরু করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর নূরজাহান মুক্তা। তিনি বলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আইনের ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। কারণ তিনি ওই সময় দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে মানবতাবিরোধী অপরাধে সংঘটনে বাধা দেওয়ার ক্ষমতা থাকলেও তিনি তা করেননি। বিকেল ৪টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করেন। সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/পিডি/২০২২ ঘ.