২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে সমর্থন তৈরি করুন: প্রধানমন্ত্রী

যুদ্ধাপরাধ বিচারে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে বিশ্বব্যাপী বাঙালি সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচারে ব্যাপক আন্তর্জাতিক সমর্থন গড়ে তুলতে বিশ্বব্যাপী বাঙালি সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেঙ্গলি ইন্টারন্যাশনাল আয়োজিত প্রথম ‘আন্তর্জাতিক বিশ্ব বাঙালি সম্মেলন’ উদ্বোধনে তিনি বলেন, “সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশের এ উদ্যোগ ব্যাপক আন্তর্জাতিক সংহতি ও সমর্থন দাবি করে। এ লক্ষ্যে বিশ্ব বাঙালি সমাজকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।” যুদ্ধাপরাধ বিচারে ৩০ লাখ শহীদ ও অগণিত নির্যাতিত মানুষের কাছে বাংলাদেশ দায়বদ্ধ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “৭১-এর গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।” একাত্তরে মানবতাবিরোধী অপরাধ বিচারে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ চলছে। এছাড়া একই অপরাধে দলটির সাবেক ও বর্তমান কয়েক শীর্ষ নেতাসহ দুই বিএনপি নেতার বিরুদ্ধেও বিচার কাজ চলছে। ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রতিষ্ঠাসহ বাঙালির প্রতিটি অর্জনে প্রবাসী বাঙালিদের অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “দেশে-বিদেশের কবি-সাহিত্যিক-ইতিহাসবিদ-শিল্পী বিভিন্নভাবে বাঙালির বৈশিষ্ট্য চিত্রায়িত করেছেন। আবেগপ্রবণ বাঙালি পলিমাটির মতো কোমল আবার প্রয়োজনে দৃঢ় সাহসী পরাক্রমশালী জাতি।” সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির গবেষক উইলিয়াম র‌্যাডিচে, বেঙ্গলি ইন্টারন্যাশনালের সভাপতি শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা বেনু ভূষণ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৯৪৩ ঘ.