চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নগর আওয়ামী লীগের কমিটি পুনর্গঠনে চট্টগ্রামের নেতারা দলের সভানেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি।
শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “নেত্রী আমাদের ঢাকায় ডেকেছিলেন। সেখানে তিনি সবাইকে মিলেমিশে কাজ করার পরামর্শ দিয়েছেন।
“নেত্রী বলেছিলেন দলের পুনর্গঠন হবে আমার হাত দিয়ে। তাই দল পুনর্গঠন নিয়ে আমরা নেত্রীর দিকে তাকিয়ে আছি।”
সরকারের তিনবছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম-৮ (কোতোয়ালি) আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি।
এ সময় তিনি মহাজোট সরকারের তিন বছরে নিজের নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
সাংসদ বলেন, “নির্বাচিত হওয়ার তিন বছরের মধ্যে অনেক কাজ করেছি। আবার অনেক কাজ করতে পারিনি। বাকি কাজ সামনের দুই বছরের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করছি।”
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরইমধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
পূর্ব বাকলিয়ায় ১০ শয্যার একটি মা ও শিশু হাসপাতালের কাজ শিগগিরই শুরু হবে। এ প্রকল্পের জন্য ইতোমধ্যে সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি।
এছাড়া নির্বাচনী এলাকায় বিদ্যুৎ ও পানি সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন এ সাংসদ।
গত দুই বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ দু’টি ধারায় বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
একটি ধারার নেতৃত্বে আছেন আছেন দলের নগর সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
অপর ধারায় নেতৃত্বে আগে ছিলেন সাংসদ নুুরুল বিএসসি। তবে গত বছর থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন এ ধারায় নেতৃত্বে রয়েছেন।
দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে নগর কমিটির নেতারা পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তবে দলীয় সভানেত্রীর সঙ্গে চট্টগ্রামের নেতাকর্মীদের বৈঠকে দু’পক্ষকে একত্রে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
সর্বশেষ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় আখতারুজ্জামান চৌধুরী বাবু’র সংবর্ধনা অনুষ্ঠানে নগর কমিটির দু’পক্ষের নেতারা একমঞ্চে আসেন।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24