২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিবরিয়া হত্যার তদন্ত চায়নি জোট সরকার’

হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি শুনে আইনমন্ত্রী আশা করেছেন, বর্তমানে যে তদন্ত চলছে তাতে প্রকৃত অপরাধীদের নাম বেরিয়ে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 03:10 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্ত তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার চায়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি আশা করছেন, বর্তমানে যে তদন্ত চলছে তাতে প্রকৃত অপরাধীদের নাম বেরিয়ে আসবে। কিবরিয়া হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় আইনমন্ত্রী এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কথা বলেন। কিবরিয়া ফাউন্ডেশন আয়োজিত এই সভায় বক্তারা অবিলম্বে কিবরিয়ার হত্যাকারী এবং এর পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ নেতা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক সভায় গ্রেনেড হামলায় নিহত হন। সংসদ সদস্য কিবরিয়ার সঙ্গে মারা যান আরো তিন জন। বর্তমানে ওই হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত চলছে। আইনমন্ত্রী বলেন, “২০০৫ সালে যখন উনি হত্যাকাণ্ডের শিকার হন, তখন যারা প্রশাসনে-সরকারে ছিলেন, তারা চায়নি এই হত্যার সঠিক তদন্ত হোক। “ওই মামলার আইনজীবী বলেছেন, সঠিক তদন্তের জন্য তাকে বিভিন্ন সময় নিু আদালত থেকে উচ্চ আদালতে যেতে হয়েছিল। শেষ পর্যন্ত অধিকতর তদন্তের জন্য তিনি একটি আদেশ পেয়েছেন।” অধিকতর তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নাম বেরিয়ে আসার আশা প্রকাশ করে এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে দিতে অনুরোধ জানান আইনমন্ত্রী। আইনমন্ত্রীর আগে বক্তব্যে কিবরিয়ার নিকট আত্মীয় সংসদ সদস্য তারানা হালিম বলেন, “এই মামলার ইতোপূর্বে হওয়া তদন্তে বলা হয়েছে, ২১ অগাস্টের গ্রেনেড হামলার ধারাবাহিকতার এই হামলা হয়েছে। “তাহলে আমি বুঝি না, এই মামলায় তারেক রহমান ও হারিছ চৌধুরীকে আসামি করতে বাধাটা কোথায়? যেখানে তাকে ঢাকায় আনতে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়নি। একটি ভালো অ্যাম্বুলেন্সও দেওয়া হয়নি,” বলেন তিনি। তার কথা ধরে আইনমন্ত্রী বলেন, “এই দায়িত্ব তদন্তকারী সংস্থার। তারাই এ বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত, সেটা তারাই বিবেচনা করবেন।” কিবরিয়াকে স্মরণ করে শফিক বলেন, তিনি রাষ্ট্রকে সঠিকভাবে চালাতে চেয়েছিলেন। দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। “কিবরিয়ার স্বপ্নের সেই রাষ্ট্র গঠনে আমরা চেষ্টা করে যাচ্ছি,” বলেন তিনি। বক্তব্যে সমকালীন রাজনৈতিক বিভিন্ন বিষয়ও নিয়ে আসেন আইনমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল হবে না জানিয়ে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিকল্প প্রস্তাব থাকলে তা নিয়ে সংসদে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব কিছু করা হবে বলে জানান শফিক। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ইকরাম আহমেদ, সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, বিশ্ব শ্রম সংস্থার সাবেক কর্মকর্তা ড. রিজওয়ানুল ইসলাম, ড. বেলায়েত হোসেন সিদ্দিকী প্রমুখ। ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান সভায় সভাপতিত্ব করেন। আলোচনার পর ফাউন্ডেশনের সভাপতি আসমা কিবরিয়া চারটি সংগঠন ও প্রতিষ্ঠানকে অনুদান দেন। শাহ আবু মোহাম্মদ শামসুল কিবরিয়ার জন্ম হবিগঞ্জে ১৯৩১ সালের ২১ মে হবিগঞ্জে। তিনি ছিলেন একাধারে অর্থনীতিবিদ, কূটনীতিক ও রাজনীতিবিদ। ১৯৫৪ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন কিবরিয়া। অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘ সংস্থা এসকাপের নির্বাহী সচিবও ছিলেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শেখ হাসিনার সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পান কিবরিয়া। এরপর ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১০৫ ঘ.