ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই যুদ্ধাপরাধের বিচারে বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব পাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
শুক্রবার সকালে নিজের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের প্রস্তাব সরকারের দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই তারা এসব চিন্তাভাবনা করছে।”
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ ৬ নেতা এবং বিএনপির একজন সংসদ সদস্যসহ দুই জন নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াত শুরু থেকেই এ ট্রাইব্যুনালের বিরোধিতা করে আসছে। তারা এই বিচার বানচালে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের নেতাদর।
যারা এ বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাব পাস করা হয়েছে বৃহস্পতিবার। এর ফলে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে এখন আইন তৈরি করতে হবে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, “বিএনপি অবশ্যই যুদ্ধাপরাধীর বিচার চায়। তবে আমাদের বক্তব্য এক্ষেত্রে স্পষ্ট। আমরা বলেছি, ১৯৭১ সালে যারা মানবতাবিরোধী কর্মকাণ্ড করেছে, তাদের অবশ্যই বিচার করতে হবে। কিন্তু সে বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হতে হবে। যাতে এ নিয়ে কখনোই প্রশ্ন না ওঠে।”
এই বিচারের স্বচ্ছতা নিয়ে কথা বললে যদি ‘বাধাদানকারী’ হিসেবে চিহ্নিত করা হয়- তা সঠিক হবে না বলে মন্তব্য করেন এই বিএনপি নেতা।
মওদুদের মতে, সংসদে এ বিষয়ে আইন পাস করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
“কোনো কিছুর ওপর মতামত প্রকাশ করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মানসিকতা সরকারের দেউলিয়াপনা বলেই আমরা মনে করি।”
ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে ‘বাংলাদেশ: এ স্ট্যাডি অব দ্যা ডেমোক্রেটিক রেজিমস’ বইয়ে প্রকাশনা অনুষ্ঠানে মওদুদ জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগারে বসে তিনি এ বইটি লিখেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪২৫ ঘ.
bdnews24