ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাংবাদিক আবেদ খান বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখনো তাদের পুরনো ভাবাদর্শ থেকে সরে আসেনি।
দৈনিক সমকালের সাবেক সম্পাদক আবেদ খান আদালতকে জানান, ২০০৭ সালের ১০ ফেব্র“য়ারি সাঈদীসহ জামায়াতের আরো তিন নেতাকে নিয়ে তার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিলো। এটি প্রকাশ হওয়ার পর তিনিসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন সাঈদী। অবশ্য আদালতে তা খারিজ হয়ে যায়।
সাঈদীসহ যুদ্ধাপরাধীদের নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদন এ মামলার নথিপত্রের সঙ্গেও সংযুক্ত করা হয়েছে। সেই প্রতিবেদনটি সনাক্ত করতেই বৃহস্পতিবার এ মামলার ২৬তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে আসেন আবেদ খান।
জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড এবং একাত্তরে মুক্তিযুদ্ধের সময় দলটির ভূমিকা নিয়ে দীর্ঘ বক্তব্য দেন তিনি। আবেদ খান বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে তিনি এ জাতির ইতিহাস দেখেছেন। নিজের তাগিদেই তিনি আদালতকে কিছু বলতে চান।
জামায়াতে ইসলামী যে এখনো তাদের রাজনৈতিক গুরু আবুল আলা মওদুদীর ভাবাদর্শ থেকে সরে আসেনি, মাওলানা সাঈদীর ওয়াজ থেকে তারই আভাস পাওয়া যায় বলে মন্তব্য করেন সাংবাদিক আবেদ খান।
তার বক্তব্য উপস্থাপনের পর আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। এরপর আগামী সোমবার পর্যন্ত এ মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা মুলতবি করেন ট্রাইব্যুনালের বিচারক।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
ট্রাইব্যুনালে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
এছাড়া দলটির সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন করা হয়েছে।
যুদ্ধাপরাধের মামলায় বিএনপির দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/জেকে/১৬১৬ ঘ.
bdnews24