ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দুই প্রধান রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাবে বলে আশাবাদী মার্কিন কূটনীতিক রবার্ট ও ব্লেইক।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বুধবার রাতে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এ সহকারী পররাষ্ট্রমন্ত্রী।
ঐকমত্যে পৌঁছানোর ওই আলোচনা সংসদ অথবা সংসদের বাইরে যে কোনো স্থানে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবিধানিকভাবে গতবছর তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে বিএনপি এ ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। এ ব্যবস্থা ছাড়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে না বলেও হুমকি দিয়ে রেখেছে দলটি।
রবার্ট ও ব্লেইক বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।”
ঐকমত্যের আলোচনা বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমরা মধ্যস্থতাকারী নই। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মতামত দেওয়া যুক্তরাষ্ট্রের নীতি নয়।”
খালেদার গুলশান কার্যালয়ে রবার্ট ও ব্লেইক রাত ৯টা থেকে পৌনে এক ঘণ্টা এই বৈঠক করেন।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে ব্যবসা-বানিজ্য, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা, সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।”
গতবছর সাংবিধানিকভাবে বাতিল হয়ে যাওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল প্রসঙ্গে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্য কোনো পদ্ধতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হচ্ছে, এ বিষয়ে আমরা কোনো মতামত দেব না।”
“তবে যুক্তরাষ্ট্র মনে করে, উপায় যাই হোক, বাংলাদেশে আগামীতে সবার অংশগ্রহণমূলক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নতি হওয়ায় যুক্তরাষ্ট্র উৎসাহিত উল্লেখ করে ব্লেইক বলেন, “একইসঙ্গে মিয়ানমারে পরিবর্তনসহ বিভিন্ন আঞ্চলিক উন্নয়নের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।”
পদ্মা সেতু নির্মাণ ও বিশ্ব ব্যাংকের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ব্লেইক বলেন, “এই সেতুটি বাংলাদেশের একটি বৃহৎ প্রকল্প। এর প্রকল্পের মাধ্যমে দেশের কোটি মানুষের দারিদ্র্য নিরসন হবে।
“আমরা আশা করি, স্বচ্ছতার ভিত্তিতে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে। এ জন্য বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে।”
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিশ্র“ত অর্থ ছাড় স্থগিত রেখেছে এ প্রকল্পে সবচেয়ে বড় ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক। এ অবস্থায় অন্য কোনো দেশের সহায়তায় এ প্রকল্প সম্পন্ন হবে কি না সে বিষয়ে আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন কয়েকজন মন্ত্রী।
বিএনপিপ্রধান খালেদার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বুধবার বলেন, “ব্লেইক বিরোধীদলীয় নেতার কাছে জানতে চেয়েছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেবে।”
“জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, তার দল জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবার সঙ্গে আলোচনা করে জনগণের স্বার্থে সব সিদ্ধান্ত নেবে।”
সুষ্ঠু নির্বাচনের বিষয়ে খালেদা জিয়ার অবস্থান কী- খালেদার কাছে ব্লেইক এ কথা জানতে চান উল্লেখ করে শমসের বলেন,
“বিরোধীদলীয় নেতা বলেছেন, আমরা সবার অংশগ্রহণমূলক এমন একটি নিরপেক্ষ ব্যবস্থার অধীনে নির্বাচন চাই যেখানে নির্দলীয় শাসন ব্যবস্থা থাকবে, সুষ্ঠু নির্বাচন হবে।”
“এ জন্য বিএনপি সবসময় আলোচনার পক্ষে বলে জানান খালেদা। তিনি বলেন, ‘অতীতেও ছিলো, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে’।”
সাক্ষাতের সময় বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ড্যান মজিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিলো তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। এর আগে ১৯৯৪ সালে একটি উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সংসদ বয়কট করতে শুরু করে দলটি।
ওই বছরেরই মার্চ মাসে বিরোধী দলগুলোর দাবির মুখে ত্রয়োদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে ফেব্র“য়ারির ‘বিতর্কিত’ নির্বাচনে জয়ী বিএনপি।
১৯৯৬ সালের জুন মাসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩২৮ ঘ.
bdnews24