চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক বলেছেন, ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সফরে দুদেশের মধ্যে যোগসূত্র সৃষ্টি হয়েছে।
বুধবার বিকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তব্যে ২০১০ সালের জানুয়ারিতে শেখ হাসিনার দিল্লি সফর এবং ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহনের বাংলাদেশে সফরের প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।
এই দুই প্রধানমন্ত্রীর সফরকে তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার একটি মডেল হিসেবে উল্লেখ করেন।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) এক মতবিনিময় সভায় ব্লেইক বলেন, “গত বছর ভারতে বাংলাদেশের বাৎসরিক রপ্তানি ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে শুল্কহ্রাসের ঘোষণার আগের হিসাব।”
“এ পরিস্থিতিতে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে আশা করা যায় আগামী দুই বছরে যা চারগুণ পর্যন্ত বাড়তে পারে।”
ক্ষুদ্রঋণে জোরালো সমর্থন
বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কর্মসূচির উদ্ভব উল্লেখ করে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে জোরালোভাবে সমর্থন করি। এটি বাংলাদেশ ও বিশ্বের নারী ও পরিবাগুলোর জীবনের মধ্যে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এ দেশের গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে তিনি বলেন, “ক্ষুদ্রঋণ কর্মসূচি লাখ লাখ গরীব মানুষকে সহায়তা করেছে যাদের অধিকাংশই নারী।”
এইউডব্লিউ’র উপাচার্য অধ্যাপক কামাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, এইউবিডব্লিউ’র উপ-প্রাধ্যক্ষ সঙ্গীতা রায়মাজি ও বিভিন্ন দেশ থেকে আসা এইউডব্লিউ’র শিক্ষার্থীরা অংশ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১৩৬ ঘ.
bdnews24