ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তার না হওয়ায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্রমন্ত্রীও এড়াতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার এক মানববন্ধনে তিনি বলেন, “এটা দুর্ভাগ্যজনক যে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে স্বরাষ্ট্রমন্ত্রী সময়সীমা বেঁধে দেওয়ার পরও কেউ গ্রেপ্তার হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যর্থতার দায় এড়াতে পারবেন না।”
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি শনিবার ভোররাতে নিহত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
তবে ওই সময়ের মধ্যে হত্যার কারণ উদ্ঘাটন না হওয়ায় মঙ্গলবার সাহারা খাতুন বলেন, সময় বেঁধে দেওয়া হয়েছিল তদন্তে বাড়তি গুরুত্ব আরোপের জন্য।
জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধনে খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে ফারুক বলেন, নইলে মহিলা দল এর বিরুদ্ধে কর্মসূচি দেবে।
সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন।
‘হুমকি দিয়ে সমাবেশ বন্ধ করা যাবে না’
বিএনপি দখলের রাজনীতি করে না মন্তব্য করে বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক বলেন, ঢাকা দখলের হুমকি দিয়ে ১২ মার্চের মহাসমাবেশ বন্ধ করা যাবে না।
“১২ মার্চ আমরা ঢাকা দখল করব না। বিএনপি দখলের রাজনীতি করে না। তাই মন্ত্রীদের বলব, ঢাকা দখল করে নেবেন- এ রকম ধমক দেওয়া বন্ধ করুন।”
পুলিশ-র্যাবকে নিরপেক্ষ রেখে ১২ মার্চ আওয়ামী লীগকে রাজপথে আসার আহ্বান জানিয়ে বিএনপির প্রচার সম্পাদক ফারুক বলেন, “দেখা যাবে সেদিন কাদের কর্মসূচিতে জনস্রোতের ঢল নামে। যেখানে বাধা দেওয়া হবে, সেখান থেকে প্রতিরোধ শুরু হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫০৮ ঘ.
bdnews24